হরতাল ডেকেই জামায়াত শিবিরের ব্যাপক ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের মামলার রায় ঘোষণার সংবাদ শুনে আজ সোমবার সারা দেশে হরতালের ডাক দিয়েই গতকাল ব্যাপক ভাঙচুর করেছেন দলটির নেতা-কর্মীরা। ফেনী, চট্টগ্রাম ও সাতক্ষীরা থেকে নিজস্ব প্রতিবেদক এবং প্রতিনিধিদের পাঠানো খবর:চট্টগ্রাম: নগরের কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় বিকেলে ঝটিকা মিছিল বের করে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেন জামায়াত-শিবিরের কর্মীরা। ভাঙচুরের ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. নেজাম উদ্দিন জানান, অতর্কিতে মিছিল বের করে যানবাহন ভাঙচুর করতে থাকেন শিবিরের কর্মীরা। বাধা দিতে গেলে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করা হয়।রাজশাহী: রাজশাহীতে হরতালের সমর্থনে বের করা শিবিরের মিছিল থেকে রাতে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত পৌনে আটটার দিকে নগরের অক্টোরমোড় এলাকায় ছাত্রশিবিরের মিছিল থেকে একটি মাইক্রোবাস ও একটি অটোরিকশা ভাঙচুর করা হয়। রাত সাড়ে আটটার দিকে শিবিরের কর্মীরা নগরের আরডিএ মার্কেটের সামনে একটি শক্তিশালী ককটেলের বিস্ফোরণ ঘটায়। একই সময়ে নগরের শিরোইল বাস টার্মিনাল এলাকায়ও ককটেল বিস্ফোরণ হয়। আরডিএ মার্কেটের সামনে ককটেল বিস্ফোরণের ব্যাপারে নগরের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ককটেল বিস্ফোরণে কেউ আহত হয়নি। ফেনী: জামায়াত-শিবিরের কর্মীরা যুগ্ম জেলা জজের গাড়িসহ অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় পথচারীসহ অন্তত ১০ জন আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের রায় ঘোষণার সংবাদ পাওয়ার পর বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে সমবেত হয়ে মিছিল শুরু করেন। মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিকে রওনা হয়ে ইসলামপুর রোডের মাথায় একটি ট্রাকে হামলা ও ভাঙচুর শুরু করে। মিছিলটি পাঠানবাড়ি সড়কের মাথা পর্যন্ত যাওয়ার পথে ফেনীর যুগ্ম জেলা জজ এম এম মোর্শেদ খানের গাড়িসহ অন্তত ১৫টি প্রাইভেট কার, অটোরিকশা ও ইজিবাইক ভাঙচুর করেন নেতা-কর্মীরা। এ সময় যুগ্ম জেলা জজ কাচের আঘাতে সামান্য আহত হন। এ ছাড়া জামায়াত-শিবিরের কর্মীদের ইটপাটকেল নিক্ষেপে পথচারীসহ অন্তত নয়জন আহত হন।সাতক্ষীরা: হরতালের সমর্থনে গতকাল রোববার বিকেল চারটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের কদমতলা এলাকায় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন। এ সময় তাঁরা দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও আটটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।টঙ্গী (গাজীপুর): গাজীপুরে টঙ্গীর চেরাগআলী ও মিলগেট এলাকায় হরতাল-সমর্থনকারী ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা সন্ধ্যা সাড়ে সাতটায় একটি মাইক্রোবাসে আগুন দেন এবং কমপক্ষে ১০টি গাড়ি ভাঙচুর করেন। গাড়ি ভাঙচুরের সময় লাঠি দিয়ে যাত্রীদের বেধড়ক মারধর করা হয়।