হরতাল ডেকেই তাণ্ডব শুরু জামায়াত-শিবিরের

জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার। আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এ তারিখ ঘোষণার পরিপ্রেক্ষিতে কাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াতে ইসলামী। হরতাল ডাকার পরপরই রাজধানীসহ সারা দেশে, ককটেল বিস্ফোরণ, পুলিশ জেলা যুগ্ম জজের গাড়িসহ ৩০টি গাড়ি ভাঙচুর, পুলিশের ওপর হামলা চালায় জামায়াতের নেতা-কর্মীরা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—
ঢাকা
রাজধানীর বিজয়নগর এলাকায় আজ দুপুরে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এর মধ্যে পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ ছাড়া মিছিলকারীরা পল্টন থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন এবং রাজারবাগ পুলিশ লাইনের সহকারী উপপরিদর্শক রাকিবুল হাসানকে মারধর ও তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। হরতাল ডেকেই রাজধানীতে ভাঙচুর শুরু করে জামায়াত-শিবিরের কর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সোয়া দুইটার দিকে বিজয়নগর এলাকায় ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে কস্তুরি হোটেলের সামনে পৌঁছে পুলিশের একটি মাইক্রোবাস ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। একই সময় তাঁরা বেশ কয়েকটি যানবাহনও ভাঙচুর করেন।
পল্টন থানার উপপরিদর্শক মশিউর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে কয়টি যানবাহন ভাঙচুর করা হয়েছে, এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি।
মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার মেহেদী হাসান প্রথম আলো ডটকমকে বলেন, ‘এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পল্টন থানায় নেওয়া হয়েছে।’
চট্টগ্রাম
নগরের কোতোয়ালি থানাধীন স্টেশন রোড এলাকায় আজ বিকেলে ঝটিকা মিছিল বের করে ১০-১২টি যানবাহন ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা।এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বিকেল সাড়ে পাঁচটার দিকে হরতালের সমর্থনে জামায়াত-শিবির একটি ঝটিকা মিছিল বের করে।এ সময় লাঠি ও পাথর ছুড়ে যানবাহন ভাঙচুর শুরু করেন তাঁরা।উপস্থিত পুলিশের সদস্যরা এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন জামায়াত-শিবিরের কর্মীরা।
একপর্যায়ে শিবিরের কর্মীরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. নেজাম উদ্দিন জানান, ‘অতর্কিতে মিছিল বের করে যানবাহন ভাঙচুর করতে থাকে শিবিরের কর্মীরা।আমরা বাধা দিতে গেলে ইটপাটকেল ও ককটেল নিক্ষেপ করে।পরে পুলিশ গুলি ছোড়ে।’
সাতক্ষীরা
আগামীকালের হরতালের সমর্থনে আজ বিকেল চারটার দিকে সাতক্ষীরা শহরের কদমতলা নামক স্থানে আটটি ককটেল বিস্ফোরণ, দুটি যাত্রীবাহী বাস ভাঙচুর ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন জামায়াত-শিবিরের কর্মীরা। তাঁরা এ সময় ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের কর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেন। পরে তাঁরা মিছিল করে সাতক্ষীরা-যশোর মহাসড়কের কদমতলা এলাকা প্রদক্ষিণ শেষে কদমতলা বাজার এলাকায় সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য দেন জেলা শিবিরের সভাপতি রোকনুজ্জামান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাজাহান খান বলেন, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুরের খবর পেয়ে বিকেল পৌনে পাঁচটার দিকে কদমতলা এলাকায় পুলিশ গেলে জামায়াত-শিবিরের কর্মীরা পালিয়ে যান।
ফেনী
গোলাম আযমের মামলার রায় ঘোষণার সংবাদের পরই আজ বিকেলে ফেনীতে জামায়াত-শিবিরের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল এবং যুগ্ম জেলা জজের গাড়িসহ অন্তত ১৫টি গাড়ি ভাঙচুর করেছেন। এ সময় পথচারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, আজ বিকেলে জামায়াত-শিবিরের কর্মীরা শহরের ট্রাংক রোডের খেজুর চত্বরে সমবেত হয়ে ঝটিকা মিছিল বের করেন। মিছিলটি শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের দিকে রওয়ানা হয়ে ইসলামপুর রোডের মাথায় পৌঁছেই একটি ট্রাকের ওপর হামলা চালায় ও ভাঙচুর শুরু করে। মিছিলটি পাঠানবাড়ী সড়কের মাথা পর্যন্ত যাওয়ার পথে ফেনীর যুগ্ম জেলা জজ এম এম মোর্শেদ খানের গাড়িসহ আরও প্রায় ১৪টি প্রাইভেট কার, অটোরিকশা, ইজিবাইক ভাঙচুর করে। এ সময় যুগ্ম জেলা জজ কাচের আঘাতে সামান্য আহত হয়েছেন। এ ছাড়া জামায়াত-শিবিরের কর্মীদের ইটপাটকেলের আঘাতে পথচারীসহ অন্তত নয়জন আহত হয়েছে। পরে পুলিশ তাঁদের ধাওয়া করলে পাঠানবাড়ী সড়কের মাথা থেকে তাঁরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনার পরে শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার পরিতোষ ঘোষ জানান, তিনি যুগ্ম জেলা জজ এম এম মোর্শেদ খানের সঙ্গে কথা বলেছেন। তিনি সামান্য আহত হয়েছেন এবং ইটের আঘাতে তাঁর গাড়ির কাচ ভেঙে গেছে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন, ভাঙচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।