হরতাল ডেকেই বগুড়ায় জামায়াতের তাণ্ডব
জামায়াতে ইসলামী রাজশাহী বিভাগে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মঙ্গলবার (আজ)। অথচ গতকাল সোমবার দুপুর থেকেই বগুড়ায় কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। এ সময় পুলিশের ওপর হামলার ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল পাঁচটা পর্যন্ত পুলিশ ১৫-১৬ রাউন্ড রাবার বুলেট ছুড়েছে। গুলিতে আহত হয়েছে আতিকুর রহমান (১৭) নামে এক শিবির কর্মী। জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বেলা একটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের বগুড়া শহরতলির সিলিমপুর, তিনমাথা, চারমাথা, মাটিডালিতে মহাসড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে, টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। চার-পাঁচটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। জেলা জামায়াতের আমির মো.শাহাবুদ্দিনের মুক্তির দাবিতে বগুড়ায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় প্রথমে স্থানীয় জামায়াতে ইসলামী। পরে দলটির বিভাগীয় পর্যায় থেকে রাজশাহী বিভাগজুড়ে এ হরতালের ডাক দেওয়া হয়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বেলা পৌনে একটার দিকে মহাসড়কের সিলিমপুরে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করা হয়। বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ সহিদ আলম দাবি করেন, এ সময় অবরোধকারীরা সিলিমপুর ফাঁড়ির একজন কর্মকর্তাসহ দুই পুলিশের ওপর হামলা করেন। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। জেলা জামায়াতের মুখপাত্র ও ইসলামী ছাত্রশিবিরের জেলা শাখার প্রচার সম্পাদক মিজানুর রহমান দাবি করেন, সিলিমপুরের মহাসড়ক অবরোধের সঙ্গে জামায়াত-শিবিরের মোটেও সংশ্লিষ্টতা নেই। এ সময় পাশের একটি রেস্তোঁরায় নাশতা করতে গেলে শিবিরের কর্মী আতিকুর রহমানের ওপর পুলিশ বিনা অপরাধে গুলিবর্ষণ করে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে ওসি দাবি করেন, সিলিমপুর এলাকায় পুলিশ গুলিবর্ষণ করেনি এবং পুলিশের গুলিতে কেউ হতাহতও হয়নি। এদিকে বিকেল পাঁচটা পর্যন্ত মহাসড়কের তিনমাথা, চারমাথা, গোদারপাড়া, মাটিডালিসহ বেশ কয়েকটি স্থানে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এ সময় মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় তিন ঘণ্টা পর বাস চলাচল স্বাভাবিক হয়। বগুড়ার জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বলেন, গত ৩ মার্চ জেলাজুড়ে সহিংসতা ও তাণ্ডব, থানা-ফাঁড়িতে হামলা, হরতালে পুলিশের গাড়ি ভাঙচুরসহ অন্তত ১০টি মামলার আসামি ও বগুড়া জেলা জামায়াতের আমির মো. শাহাবুদ্দিনকে সোমবার গ্রেপ্তার করা হয়। এদিকে গতকাল সন্ধ্যায় রাজশাহী নগরের শালবাগান এলাকায় তিনটি অটোরিকশা ও একটি বাস ভাঙচুর করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা।