হরতাল দিতে বাধ্য হয়েছি: ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা হরতালের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি। কারণ সরকার আমাদের কথায় কর্ণপাত করছে না। সরকার আসলে সমঝোতা চায় না।’
আজ শনিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এসব কথা বলেন ফখরুল।
বিএনপির নেতা মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, সরকার কঠোর দমননীতি নিয়েছে। তিনি বলেন, ‘ঠিকমতো অফিসে ঢুকতে পারি না, বের হতে পারি না। অফিসে গেলেই গ্রেপ্তার করে।’ বাংলাদেশের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি বলে মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেছেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে ফোন করেছেন। তবে এ বিষয়ে তিনি (ফখরুল) কিছু জানেন না।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ।