হরতাল দিয়ে মানুষ হত্যার দায় খালেদা জিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হরতালের নামে মানুষ হত্যা করছেন। এই হত্যার দায় তাঁকেই নিতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভাঙ্গারহাট টিটি উচ্চবিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জনগণের কল্যাণের কথা, মানুষের কষ্টের কথা চিন্তা করে বিরোধীদলীয় নেত্রীকে ফোন করেছিলাম। জেএসসি পরীক্ষার্থীদের কথা চিন্তা করে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলাম। এর পরও তিনি হরতাল দিয়ে ২০ জন নিরপরাধ মানুষ হত্যা করলেন।’

নিজের নির্বাচনী এলাকার জনগণের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ‘আমি আমার আপন ঘরে, আপন ঠিকানায় এসেছি। আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে দেশের প্রধানমন্ত্রী হয়েছি, আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রতিটি সংসদ সদস্য তাঁদের নির্বাচনী এলাকায় ঘুরে বেড়ান। আমি সারা দেশ ও দলের কাজে ব্যস্ত থাকি। কিন্তু আমার কী সৌভাগ্য, আমার দায়িত্ব আপনারা নিয়ে নিয়েছেন। আপনারাই আমাকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেন।’

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু প্রমুখ। কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর জনসভায় সভাপতিত্ব করেন।

এর আগে বেলা দুইটা ২৫ মিনিটে বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে কোটালীপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর তিনি সড়কপথে ভাঙ্গারহাট পৌঁছে কাজী মন্টু কলেজে নির্মিত রেস্ট হাউসে জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করেন। পরে জনসভায় ভাষণ দেওয়ার আগে সভামঞ্চের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ছয়টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

শিবচরে জনসভা:
গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল প্রথমে ঢাকা থেকে মাদারীপুরের শিবচরে যান। সেখানে মাধবেরচর এলাকায় শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

ভাষণে শেখ হাসিনা বলেন, ‘আমরা ২০০১ সালে পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করি। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে পদ্মা সেতু নির্মাণ নিয়ে টালবাহানা শুরু করে। আমরা ২০০৯ সালে আবার এর কাজ শুরু করি। অনেক বিদেশি দাতা সংস্থা এগিয়ে আসে। কিন্তু আমাদের দেশেরই একশ্রেণীর লোক যারা দেশের উন্নয়ন চায় না, তাদের পরামর্শে একটি দাতা সংস্থা একেবারে শেষ মূহূর্তে এসে দুর্নীতির অজুহাত দেয়।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি এটা নিয়ে যখন চ্যালেঞ্জ করলাম, তারা জানায় যে দুর্নীতি হয় নাই, দুর্নীতির ষড়যন্ত্র হয়েছে।’

বিদেশিদের সাহায্য ছাড়াই নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করা হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, চলতি অর্থবছরের বাজেটে পদ্মা সেতু নির্মাণের জন্য পাঁচ হাজার কোটি টাকা রাখা হয়েছে। ওই অর্থ দিয়ে সেতুর কাজ এ অর্থবছরেই শুরু করা হবে। প্রধানমন্ত্রী বলেন, ‘যদি গাড়ি চলাচলের জন্য সেতু করা হতো, তা হলে তা অনেক আগেই হয়ে যেত। আমরা আন্তর্জাতিক মানসম্পন্ন সেতু করব, তাই একটু দেরি হচ্ছে।’

দেশের মানুষের শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে আবারও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় গেলে চরজানাজাত ইউনিয়নের পদ্মার চরে আন্তর্জাতিক বিমানবন্দর করা হবে।

জনসভায় ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী এক হাজার ১০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতুর সংযোগ সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে আরও কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, জাতীয় সংসদের হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ সাগুফতা ইয়াসমিন, সাংসদ বি এম মোজামেঞ্চল হক ও সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের, তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ প্রমুখ।