আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, হরতাল দিয়ে বিরোধী দলের সরকার পতনের স্বপ্ন সফল হবে না। যুদ্ধাপরাধী এবং খালেদা জিয়া ও তাঁর দুর্নীতিগ্রস্ত দুই ছেলের বিচার নস্যাৎ করতেই সরকারের পতন ঘটাতে চায় বিএনপি। এটা জাতি বুঝতে সক্ষম হয়েছে। এ কারণে তাদের হরতাল জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রোববার এক সমাবেশে হানিফ এসব কথা বলেন। অর্থনীতির চাকা সচল ও এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে হরতালের রাজনীতি থেকে বিরোধী দলকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা ইলিয়াস আলীকে খুঁজে পাওয়ার চেষ্টা করছি। কিন্তু হরতাল দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে ইলিয়াস আলীকে খুঁজে বের করব কীভাবে? সিলেটে তাদের রাজনীতির কোন্দলের কারণেও ইলিয়াস নিখোঁজ হতে পারেন।’ তিনি বলেন, বিএনপি ইলিয়াসকে খুঁজতে সরকারকে কোনো সহযোগিতা না করে বিষয়টি পুঁজি করে রাজনীতির খেলা শুরু করেছে। এসব করে সমস্যার সমাধান হবে না।এ সময় বিএনপির ডাকা এই হরতালে আওয়ামী লীগের অবস্থান কী—এই প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘আমরা কখনো পাল্টা কর্মসূচির রাজনীতিতে বিশ্বাসী না। তবে নেতা-কর্মীদের বলেছি জনগণের পাশে থাকতে।’ তিনি বলেন, বিএনপির হরতালে কোনো দিনই জনগণের সম্পৃক্ততা ছিল না। এবারের হরতালেও জনগণের সম্পৃক্ততা নেই।‘বাংলাদেশের রাজনীতি সংঘাতের দিকে যাচ্ছে’ মর্মে আন্তর্জাতিক প্রচারমাধ্যমে প্রচারিত সংবাদ প্রসঙ্গে মাহবুব উল আলম বলেন, বাংলাদেশের রাজনীতি সব সময় সংঘাতপূর্ণ ছিল। সরকারি দলের বিরোধিতা সব বিরোধী দলই করে। আজকে যখন দেশে একাত্তরের ঘাতকদের বিচারকাজ শুরু হয়েছে, ২১ আগস্টের গ্রেনেড হামলার বিচার চলছে, ১০ ট্রাক অস্ত্র মামলার বিচার চলছে, তখন বিরোধী দল এসব বিচার বানচাল করতে নানা অপতৎপরতা শুরু করেছে। তবে তারা যত ষড়যন্ত্রই করুক না কেন, বিচারের স্বার্থে, জনগণের স্বার্থে বিরোধী দলকে বিন্দুমাত্র ছাড় দেবে না সরকার।এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এ কে এম এনামুল হক, সুজিত রায় নন্দী, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, মুকুল চৌধুরী, ফয়েজ উদ্দিন মিয়া প্রমুখ।গতকাল হরতাল চলাকালে কেন্দ্রীয় কার্যালয়ে ছিল নেতা-কর্মীদের ভিড়। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীদের অবস্থান নিতে এবং হরতালবিরোধী মিছিল করতে দেখা গেছে।