হরতাল নয়, নির্বাচনে ব্যস্ত নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল বুধবার ১৮-দলীয় জোটের ডাকা সারা দেশে হরতাল চলাকালে খুলনা নগরে বিএনপির নেতা-কর্মীরা ব্যস্ত ছিলেন সিটি করপোরেশন নির্বাচনের প্রচার-প্রচারণা নিয়ে। হরতালের সমর্থনে নগরের কোথাও মিছিল-সমাবেশ হয়নি। সকাল থেকে সারা দিন নগরের বিভিন্ন স্থানে ঘুরে হরতালের সমর্থনে বিএনপি বা ১৮ দলের কোনো কর্মসূচি বা তৎপরতা চোখে পড়েনি। বরং হরতাল চলাকালে দুপুর ১২টায় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মনিরুজ্জামান। আওয়ামী লীগের খুলনার নেতা-কর্মীরা বলছেন, খুলনা নগরবাসী যখন নির্বাচন নিয়ে ব্যস্ত তখন এই ধরনের হরতাল ডাকা অযৌক্তিক। সরাসরি না বললেও সকাল-সন্ধ্যার এই হরতাল নিয়ে বিএনপির নেতা-কর্মীদের কয়েকজনকে দেখা গেল বিরক্ত। তাঁরা ১৫ জুনের সিটি নির্বাচনের আগে চার সিটি করপোরেশনকে হরতালের আওতামুক্ত রাখতে দলের কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দুপুরে মনিরুজ্জামান ইশতেহার ঘোষণাকালে বিএনপির মহানগর শাখার সভাপতি ও খুলনা-২ (সদর) আসনের সাংসদ নজরুল ইসলাম, বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য নুরুল ইসলাম, বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম, মহানগরের সহসভাপতি শাহারুজ্জামান ও সাংগঠনিক সম্পাদক ফকরুল আলম, যুবদলের মহানগরের সভাপতি শফিকুল আলম, ছাত্রদলের মহানগরের সাধারণ সম্পাদক কামাল আহমেদসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

হরতালের মধ্যেও নির্বাচনী ইশতেহার ঘোষণার প্রসঙ্গে জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, ‘নির্বাচনী ইশতেহার ঘোষণার জন্য তো সংবাদ সম্মেলন করাই যায়। আর হরতালও চলছে।’

বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মী জানান, তাঁরা গতকাল হরতাল পালন করেননি। বরং সকাল সাতটায় নগরের জোড়াকলবাজার, দারোগাপাড়া ও গ্লাক্সোর মোড়ে নির্বাচনী প্রচারণা চালান তাঁরা। তাঁদের প্রার্থী দুপুর ১২টায় হোটেল রয়েলে সংবাদ সম্মেলন করেন। বেলা দুইটায় তাঁরা রেলওয়ে মার্কেট এলাকায় নির্বাচনী প্রচারণা চালান।

বেলা তিনটায় নাগরিক ফোরামের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিএনপি-সমর্থিত প্রার্থী ও নেতা-কর্মীরা। বিকেল সাড়ে চারটায় ২৯ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করা হয়।

নির্বাচনী প্রচারণার সময় হরতালের বিষয়ে আওয়ামী লীগের নগর শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘তারেক রহমানের জন্য তারা এই হরতাল ডেকেছে। অথচ এটা আইনি বিষয়। আর যেখানে নির্বাচনী প্রচারণা চলছে, সাধারণ মানুষ সবাই যেখানে নির্বাচনমুখী এবং বিএনপি-সমর্থিত প্রার্থী এবং নেতা-কর্মীরাও যেখানে নির্বাচন নিয়ে ব্যস্ত তখন হরতাল ডাকা হাস্যকর। সাধারণ মানুষ কেউ এই হরতাল পছন্দ করছে না।’

 রাজশাহীতেও প্রচারণায় ব্যস্ততা: রাজশাহীর নিজস্ব প্রতিবেদক জানান, হরতালে রাজশাহী মহানগরের কোথাও বিএনপি বা ১৮ দলের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা যায়নি। হরতালের সমর্থনে তাঁদের কোনো তৎপরতাও ছিল না। সারা দিন তাঁদের ব্যস্ততা ছিল নির্বাচনী প্রচার-প্রচারণা নিয়ে।

সকালে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেনের পক্ষে কাজ করার জন্য ১৮ দলের নেতা-কর্মীরা সংবাদ সম্মেলন করেন। এতে জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তফা মেয়র প্রার্থী মোসাদ্দেককে জয়ী করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। বিকেলে মোসাদ্দেকের পক্ষে নেতা-কর্মীরা বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ করেন।

জানতে চাইলে বিএনপির রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক বলেন, ‘যেহেতু নির্বাচনী প্রচার চলছে, তাই আমরা কোথাও পিকেটিং করিনি। তবে আমরা রাজশাহীবাসীকে হরতাল পালন করার আহ্বান জানিয়েছি।’