হরতাল নিয়ে সরকার আইন করার চিন্তা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহীউদ্দীন খান আলমগীর
মহীউদ্দীন খান আলমগীর

হরতালে ক্ষয়ক্ষতি রোধে নতুন আইন করার চিন্তাভাবনা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলাবিষয়ক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকার একটি নতুন আইন করার চিন্তাভাবনা করছে। যদি কোনো দল হরতাল ডাকে এবং ওই হরতালে ক্ষয়ক্ষতি হলে এর ক্ষতিপূরণ ওই দলকে বহন করতে হবে। ক্ষতিপূরণ না দিলে নিবন্ধন বাতিল হয়ে যাবে।’
বিকেলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন চেম্বারের সভাপতি মো. মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন তিন সাংসদ মঈন উদ্দীন খান বাদল, সাইফুজ্জামান চৌধুরী ও এম আবদুল লতিফ।
সভায় বিভিন্ন ব্যবসায়ী চট্টগ্রামের আইনশৃঙ্খলা তুলনামূলক ভালো বলে উল্লেখ করেছেন। তবে মহাসড়কে চাঁদাবাজি, পণ্য ছিনতাই, চট্টগ্রাম নগরের যানজট এবং হরতালের কারণে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।
ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতাল এখন জাতির জন্য কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। হরতালে গাড়ি পোড়ানো হয়। মানুষ মারা হয়।

পুলিশের জনবল সংকটের কথা উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘মৌলিক মানবাধিকার রক্ষা করা আইনশৃঙ্খলা বাহিনীর মূল দায়িত্ব। মানবাধিকার রক্ষা করা যায় না যদি দেশে গণতন্ত্র না থাকে। গণতন্ত্র রক্ষা করতে আপনাদের সৃষ্টিশীল কাজ নিয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি স্বৈরতন্ত্রকে রুখে দাঁড়াতে হবে।’

সভায় পুলিশের চট্টগ্রাম অঞ্চলের উপ মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মো. নওশের আলী, পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।