হরতাল নিয়ে গভীর উদ্বেগ জামায়াত নিষিদ্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরাম—মুক্তিযুদ্ধ ’৭১ আয়োজিত এক যৌথ সভায় রাজনৈতিক কর্মসূচির আড়ালে ক্রমাগত হরতালে গভীর উদ্বেগ প্রকাশ এবং জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়েছে।
গতকাল শুক্রবার মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি ও সেক্টর কমান্ডারস ফোরাম—মুক্তিযুদ্ধ ’৭১-এর চেয়ারম্যান এ কে খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই যৌথ সভায় বাংলাদেশ রুখে দাঁড়াওয়ের সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সেক্টর কমান্ডারস ফোরামের ভারপ্রাপ্ত মহাসচিব হারুন হাবীব, সহসভাপতি সারওয়ার আলী, যুগ্ম মহাসচিব ম হামিদ, মুক্তিযুদ্ধের ঐক্যের সমন্বয়ক এ এস এম সামছুল আরেফিন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান খান, সাম্প্রদায়িকতা ও মৌলবাদবিরোধী মঞ্চের যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন তারেক আলী ও গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার উপস্থিত ছিলেন।
সর্বসম্মত প্রস্তাবে হরতাল নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, হরতালের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে, সর্বত্র সাধারণ মানুষের প্রাণহানি ঘটছে, শিশু-কিশোরদের গুরুত্বপূর্ণ পরীক্ষা বিঘ্নিত হচ্ছে, রাষ্ট্র ও ব্যক্তির সম্পত্তি নির্বিচারে ধ্বংস হচ্ছে এবং বিপর্যস্ত হচ্ছে দেশের অর্থনীতি।
প্রস্তাবে আরও বলা হয়, সর্বোপরি রাজনৈতিক এই পরিস্থিতির সুযোগ গ্রহণ করে জামায়াত-শিবির-হেফাজত চক্র চরম নাশকতামূলক কার্যকলাপে লিপ্ত হয়ে দেশে একটি অস্থিতিশীল অরাজক পরিস্থিতি তৈরি করে চলেছে। মন্দির-বিগ্রহ ধ্বংস, ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা এবং হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে পাকিস্তানি ভাবাদর্শ এবং সম্ভব হলে আফগানিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলছে। প্রস্তাবে বলা হয়, এই অপশক্তির মূল লক্ষ্য যুদ্ধাপরাধের বিচার এবং প্রদত্ত রায়গুলো বানচাল করা।
প্রস্তাবে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানিয়ে বলা হয়, যুদ্ধাপরাধবিষয়ক ট্রাইব্যুনালগুলোর একাধিক রায়ের পর্যবেক্ষণে জামায়াতকে একটি সন্ত্রাসী ও ফ্যাসিস্ট সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হাইকোর্টের রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল হওয়ায় তারা নির্বাচনে অযোগ্য ঘোষিত হবে। কিন্তু এতে জামায়াতের অপকর্ম বন্ধ হবে না। তাই দোদুল্যমানতা ত্যাগ করে সরকারের কাছে অবিলম্বে জামায়াত-শিবির নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
প্রস্তাবে ধর্মান্ধ অপশক্তি হেফাজতে ইসলাম নতুন করে দেশের অর্থনীতির কেন্দ্রস্থল শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণায় উদ্বেগ প্রকাশ করে গত ৫ মে হেফাজত যে পরিকল্পিত নৈরাজ্য ও তাণ্ডবলীলা চালিয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে সরকার ও দেশবাসীর কাছে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানানো হয়েছে।