হরতাল নেই, উল্টো যানজট!

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলের ৪৮ ঘণ্টার হরতাল আজ সোমবার সকাল ছয়টা থেকে আবারও শুরু হয়েছে। পাশাপাশি অবরোধ চলছে। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগর হরতালের আওতামুক্ত। রাস্তায় হরতালের প্রভাব তেমন নেই; বরং কোথাও কোথাও সড়কে ছিল যানজট।
চলমান অবরোধের পাশাপাশি এ হরতালে দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের নিজস্ব প্রতিবেদক, অফিস ও প্রতিনিধিরা:
বরিশাল: হরতাল নগরে প্রভাব ফেলতে পারেনি। নেই কোনো পিকেটিং। সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক।
সরেজমিনে নগরের বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ও রূপাতলী আন্তজেলা বাস টার্মিনাল থেকে বিভিন্ন রুটে যাত্রীবাহী বাস চলছে। নগরের সদর রোড, ফজলুল হক অ্যাভিনিউ, হেমায়েত উদ্দিন সড়ক, নতুন বাজার এলাকায় দুপুরের দিকে যানজট দেখা গেছে। এ ছাড়া নগরের স্কুল, কলেজ, অফিস-আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান খোলা ছিল। খোলা ছিল নগরের সব বিপণিকেন্দ্রও।
বরিশাল জেলা বাস মালিক সমিতির সভাপতি আফতাব হোসেন জানান, হরতালে বরিশালে কোনো ধরনের প্রভাব ফেলতে পারে না। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নাশকতার আশঙ্কায় রাতে দূরপাল্লার বাসে যাত্রী কম থাকে।
সিলেট: শহরে হরতালের তেমন কোনো তৎপরতা নেই। সড়কের পাশের ও বিভিন্ন বিপণিকেন্দ্রগুলো খোলা রয়েছে। তবে দোকানিরা সাটার পুরোপুরি খোলা না রেখে অর্ধেক খোলা রেখেছেন। শহরে ছোট-বড় যান চলাচল করছে। তবে সংখ্যায় কিছুটা কম।
শহরের কদমতলী বাসস্ট্যান্ড ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাস অনেকটা নিয়ন্ত্রিতভাবে চলাচল করছে। তবে যাত্রী সংখ্যা কম।
হরতালে নগরে কোনো পিকেটিং না হলেও শহরের কুমারগাঁও, টুকেরবাজার ও শাহপরান এলাকায় জাতীয়তাবাদী ছাত্রদলের ব্যানারে সকালে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল হয়েছে।
রংপুর: শহরে সকাল থেকেই সব ধরনের যানবাহন চলাচল করছে। খোলা রয়েছে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক।
শহরের বিভিন্ন স্থানে সরেজমিনে ঘুরে দেখা যায়, ব্যাংক-বিমায় ঠিকমত লেনদেন হচ্ছে। সরকারি-বেসরকারি অফিস ও আদালতের কার্যক্রম স্বাভাবিক। বিপণিকেন্দ্রগুলোতে ক্রেতাদের ভিড় রয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) আবদুর রাজ্জাক বলেন, বাসের পাশাপাশি ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালে কোথাও পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এর পরও শহর ও মহাসড়কে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
গাজীপুর: হরতালে গাজীপুরে যান চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ছোট-বড় যানবাহন ও কিছু দূরপাল্লার যানবাহন চলাচল করছে।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার রেজাউল হাসান জানান, গাজীপুরের কোথাও হরতালের প্রভাব পড়েনি। গাজীপুরের সড়ক ও মহাসড়কে পুলিশের টহল রয়েছে। দুপুর দেড়টা পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি। যথারীতি খোলা রয়েছে বিভিন্ন অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান।
নারায়ণগঞ্জ: জেলার অফিস-আদালত, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা আছে। ঢাকা-নারায়ণগঞ্জ রুটের যাত্রী ও পণ্যবাহী সব ধরনের যান চলাচল স্বাভাবিক।
সরেজমিনে ফতুল্লা শিল্পাঞ্চল এলাকায় দেখা যায়, প্রায় সব ধরনের কল-কারখানা রয়েছে। নারায়ণগঞ্জের চাষাঢ়া এলাকার সব বিপণিকেন্দ্র খোলা রয়েছে। বেলা ১১টার দিকে নগরের প্রধান সড়ক ‘বঙ্গবন্ধু সড়ক’-এ যানজটে যানবাহন আটকে আছে। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে র্যাব-পুলিশ মোতায়েন রয়েছে। জেলার কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।