হরতাল নয়, বিক্ষোভ করবে চার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারদলীয় জোট ৪ এপ্রিল হরতাল দিচ্ছে না। এর পরিবর্তে ১১ ও ২৫ এপ্রিল বিক্ষোভ সমাবেশ পালন করবে বিএনপির নেতৃত্বাধীন এই জোট।বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাতে চার দলের বৈঠকে ৪ এপ্রিল হরতাল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে জানায়, শরিকদের চাপ থাকলেও হরতাল দেওয়ার ব্যাপারে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা রাজি হননি। এ কারণে সিদ্ধান্ত পাল্টানো হয়।নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১১ এপ্রিল এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ২৫ এপ্রিল সারা দেশে বিক্ষোভ পালন করবে চার দল। গতকাল শনিবার রাজধানীতে চার দলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেছেন। তিনি বলেন, ‘জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে আমরা এপ্রিল মাসের কর্মসূচি ঠিক করেছি। এই মাসে এইচএসসি পরীক্ষা রয়েছে। মানুষের যাতে কষ্ট না হয়, সেদিকে নজর রেখে দুই দিনের কর্মসূচি দিয়েছি আমরা।’জানতে চাইলে জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত বৃহস্পতিবার রাতে জোটের বৈঠকে হরতাল দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছিল। কথা ছিল শনিবারের সমাবেশে ঘোষণা দেওয়া হবে। ঠিক কী কারণে ঘোষণা করা হয়নি, তা বলতে পারছি না। হতে পারে এইচএসসি পরীক্ষার্থীদের ক্ষতি হতে পারে এই বিবেচনায় দেওয়া হয়নি।’হরতাল দিতে বিএনপির ওপর জামায়াতের চাপ ছিল কি না, এই প্রশ্নের জবাবে মজিবুর রহমান বলেন, সরকার বিদ্যুৎ দিতে পারছে না, অথচ দাম বাড়াচ্ছে। সে জন্য জোটের শরিকেরা হরতালের পক্ষে ছিল। এতে জনগণের লাভ হতো। তিনি বলেন, ‘যদি কেউ বলেন যে হরতাল দেওয়ার কথা ছিল না, তা সঠিক বলছেন না।’ চারদলীয় জোট এর আগে ২৯ মার্চ দেশব্যাপী হরতাল ডেকেছিল। কিন্তু পরে তা প্রত্যাহার করে নেওয়া হয়।