কালো ব্যাজ ধারণ আর কালো পতাকা মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে চট্টগ্রামে জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করেছে গণজাগরণ মঞ্চ। পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানানো হয় মঞ্চ থেকে। গতকাল সোমবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। বুকে কালো ব্যাজ, মাথায় কালো কাপড় বেঁধে এবং হাতে কালো পতাকা নিয়ে হরতালবিরোধী মিছিল করেছে সমাবেশস্থলে জড়ো হওয়া জনতা। মঞ্চের কর্মীদের সঙ্গে সাধারণ জনতা হরতাল প্রত্যাখ্যানের স্লোগান তুলতে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। মিছিলে-স্লোগানে মুখরিত করে রাখে পুরো চট্টগ্রাম প্রেসক্লাব এলাকা। দুপুরে সমাবেশস্থলে এসে জমায়েত হয় হরতাল প্রত্যাখ্যান করে স্কুলে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। সবাই কালো ব্যাজ ধারণ করে রাজীব হত্যার বিচার দাবির পাশাপাশি যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি জানায়। উপস্থিত সবাই রাজীব হত্যার প্রতিবাদে স্লোগান তুলতে থাকে ‘আর নয় প্রতিরোধ, এবার হবে প্রতিশোধ, রাজীবের রক্ত বৃথা যেতে পারে না’ ইত্যাদি স্লোগান দেয় সমবেত জনতা। সন্ধ্যার দিকে গণজাগরণ মঞ্চে ভিড় বাড়তে থাকে। এ সময় অফিস-আদালতের ছুটি শেষে লোকজন এসে জামালখানের গণজাগরণ মঞ্চে আসতে থাকে। এ সময় গণজাগরণ মঞ্চে উদীচী ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীসহ বিভিন্ন শিল্পী প্রতিবাদী গান পরিবেশন করেন।