চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ থেকে তরুণেরা হরতাল প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে জাতীয় পতাকা উড়িয়ে গণজাগরণ মঞ্চের কর্মসূচি শুরু হয়। স্লোগানে স্লোগানে তরুণেরা জানিয়ে দেন রাজাকারদের ফাঁসির দাবি ও হরতাল প্রত্যাখ্যানের আহ্বান।গতকাল দুপুর থেকে গণজাগরণ মঞ্চে এসে সমবেত হতে থাকেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে সারা দেশের মতো চট্টগ্রামের মানুষও লাল-সবুজের পতাকা ওড়ান। হাতে মানচিত্রখচিত পতাকা নিয়ে আন্দোলনকারীরা জামায়াত-শিবিরের তাণ্ডবের বিরুদ্ধে স্লোগান দেন।গণজাগরণ মঞ্চ থেকে বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়। স্লোগানে ওঠে ‘জানি জানি সব জানি, জামায়াতে ইসলামী পাকিস্তানি’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, রাজাকারের ফাঁসি চাই’, ‘জামায়াতে ইসলামীর রাজনীতি আইন করে নিষিদ্ধ করো’, ‘হরতাল মানি না, মানব না।’ এদিকে গতকাল সন্ধ্যায়ও দেশাত্মবোধক গান ও স্লোগানে তরুণেরা মুখরিত করে রাখেন গণজাগরণ মঞ্চ।গত ২২ ফেব্রুয়ারি দেশের বিভিন্ন স্থানে গণজাগরণ মঞ্চে হামলা চালানো হয়। শহীদ মিনার ভাঙা হয়। অবমাননা করা হয় জাতীয় পতাকার। ওই দিন চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ ও চট্টগ্রাম প্রেসক্লাবে হামলা চালানো হয়।চট্টগ্রামের বিভিন্ন স্থানে হামলা ও সংঘর্ষের প্রতিবাদে গত শুক্রবার রাতে মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবী সংগঠন একত্রিত হয়ে ‘সর্বদলীয় প্রতিরোধ কমিটি’ গঠন করে। গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াত ইসলামীর তাণ্ডবের প্রতিবাদে সমাবেশ করে সর্বদলীয় কমিটি। ওই সমাবেশ থেকেও হরতাল প্রতিরোধের আহ্বান জানানো হয়। সমাবেশ থেকে একটি মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গণজাগরণ মঞ্চসংলগ্ন চেরাগী পাহাড় মোড় এলাকায় এসে শেষ হয়।