হরতাল প্রত্যাখ্যানের আহ্বান ১৪ দলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ দলীয় জোটের ডাকা আজকের হরতাল কর্মসূচিকে ‘গণবিরোধী’ আখ্যায়িত করে তা প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। গতকাল সোমবার ১৪ দলের সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এ আহ্বান জানান। মোহাম্মদ নাসিম দাবি করেন, টেলিভিশনে দেখা গেছে, পুলিশ ১৮ দলের সমাবেশে কোনো বাধা দেয়নি। তারা নিরাপদ দূরত্বে ছিল। যেহেতু আগে থেকেই হরতাল দেওয়ার সিদ্ধান্ত ছিল, সে জন্যই বিএনপি-জামায়াত নিজেরাই নিজেদের সমাবেশস্থলে ককটেল ফাটিয়েছে।কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বিএনপির নেতাদের গ্রেপ্তারের প্রশ্নে মোহাম্মদ নাসিম বলেন, ‘নৈরাজ্য সৃষ্টি করেছে বলেই পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।’ চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপ অনুষ্ঠান প্রসঙ্গে নাসিম বলেন, ‘যাদের এজেন্ডা ঘাতকের মুক্তি, তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হতে পারে না।’সংবাদ ব্রিফিংয়ে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, হরতাল প্রতিরোধে ১৪ দলের নেতা-কর্মীরা আজ মাঠে থাকবেন। আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। সভায় সম্প্রতি জামায়াত-শিবিরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের এলাকা পরিদর্শনে ১৪ দলের প্রতিনিধিদলের সদস্যদের তালিকা চূড়ান্ত করা হয়।