হরতাল প্রত্যাহার করতে খালেদা জিয়াসহ পাঁচজনকে নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল প্রত্যাহার করতে চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ পাঁচজনকে লিগ্যাল নোটিশ (আইনি নোটিশ) পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে হরতাল প্রত্যাহার করতে বলা হয়েছে। অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে।গতকাল দুপুরে ডাকযোগে চেয়ারপারসন ছাড়াও বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, স্বরাষ্ট্র ও আইন সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে ওই নোটিশ পাঠানো হয়। জার্নালিস্ট সোসাইটি ফর হিউম্যান রাইটস অ্যান্ড ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আজিজুল হক পাটোয়ারী, বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোটের ভাইস চেয়ারম্যান এম এম ইসলাম ও চট্টগ্রাম বিভাগীয় পেশাজীবী পরিষদের সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম চৌধুরীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম কামালউদ্দিন মিয়া নোটিশটি পাঠান। এর আগে ১৯ মে ঢাকার পল্টন ময়দানের মহাসমাবেশ থেকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২৭ জুনের হরতাল কর্মসূচি ঘোষণা করেন।এ বি এম কামালউদ্দিন মিয়া প্রথম আলোকে বলেন, আহূত হরতাল জনস্বার্থবিরোধী। দুপুরে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সাত দিনের মধ্যে হরতাল প্রত্যাহার করা না হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।নোটিশে বলা হয়, অতীতে দেখা গেছে, হরতালে মানুষের জীবন ও আশার মৃত্যু হয়। এ সময় সন্ত্রাসী কার্যকলাপের কারণে দেশের কোটি কোটি টাকার ক্ষতি হয়। বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। রিকশাচালক ও দিনমজুরদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। কোনো রাজনৈতিক দলই দরিদ্র জনসাধারণকে সহায়তা করে না।জানা যায়, ১৯৯৯ সালের ১৩ মে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের দেওয়া রায়ে হরতাল ডাকা বৈধ ঘোষণা করা হয়, তবে কাউকে হরতাল পালনে বাধ্য করা বা বাধা দেওয়া যাবে না বলা হয়। এর বিরুদ্ধে তৎকালীন বিএনপির মহাসচিব আপিল বিভাগে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে ২০০৭ সালের ৩ ডিসেম্বর আপিল বিভাগ হরতাল পালনে বাধ্য করা বা বাধা দেওয়াকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের ওই নির্দেশ বাতিল ঘোষণা করেন।