হরতাল প্রত্যাহার করে আলোচনায় বসার আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২৬ ডিসেম্বর রোববার ঘোষিত হরতাল প্রত্যাহার করতে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহিউদ্দীন খানের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষানীতির খসড়া করার পর মুহিউদ্দীন খান তাঁর সঙ্গে দেখা করে দুটি বিষয়ে আপত্তির কথা বলেছিলেন। এগুলো বাদ দেওয়া হবে বলার পর তিনি মোনাজাতও করেছিলেন। শিক্ষামন্ত্রী হরতাল না করে আলোচনা করার আহ্বান জানান। গতকাল বুধবার মহাখালীর গাউসুল আজম কমপ্লেক্সে মাদ্রাসা শিক্ষকদের সংগঠন জমিয়াতুল মোদাররেছিন আয়োজিত মাদ্রাসা প্রধানদের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এ আহ্বান জানান। জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি এম এম বাহাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সারা দেশ থেকে এক হাজারেরও বেশি মাদ্রাসা শিক্ষক যোগ দেন। শিক্ষক প্রতিনিধিদের পক্ষ থেকে এ সময় বলা হয়, আগামী ২৬ ডিসেম্বরের হরতালের সঙ্গে দেশের প্রকৃত আলেমদের সম্পর্ক নেই।প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষানীতি সবাই মেনে নিয়েছে। এখন হঠাৎ শুনলাম ২৬ ডিসেম্বর এর বিরুদ্ধে হরতাল দেওয়া হয়েছে। যিনি হরতাল ঘোষণা করেছেন তিনি বললেন, শিক্ষানীতি নিয়ে তিনি দাবি দিয়েছিলেন, কিন্তু আমি তা মানিনি। আমি অতটা বেয়াদব না। তিনি মুরুব্বি। মুরুব্বিদের সঙ্গে কীভাবে ব্যবহার করতে হয়, আমি তা জানি। আমি বলব না, তিনি মিথ্যা কথা বলছেন, আমি বলব তিনি সঠিক কথাটা বলেননি।’অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, ‘শিক্ষানীতি চূড়ান্ত করার আগে মাদ্রাসা শিক্ষকদের সবচেয়ে বড় সংগঠন জমিয়াতুল মোদাররেছিনের মতামত নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসা শিক্ষকদের পক্ষ থেকে বিভিন্ন দাবি-দাওয়ার কথা তুলে ধরেন সংগঠনের মহাসচিব সাব্বির আহমেদ মমতাজী। তিনি বলেন, সরকার মাদ্রাসা শিক্ষকদের জন্য পৃথক বেতন কাঠামো করবে। অচিরেই এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের বেতন বাড়ানোর ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী। মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর, শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র হবে। ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় হবে। সরকার ৩১টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করেছে, এটাও বাড়ানো হবে। বিশেষ অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, জামায়াত আধুনিক শিক্ষানীতিকে অপব্যাখ্যা দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে। যিনি ২৬ ডিসেম্বর হরতাল ডেকেছেন তিনি ছিলেন একজন কুখ্যাত রাজাকার।