হরতাল প্রত্যাহারে আবার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আবারও বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহারের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজবাড়ি জেলার পাংশা বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, ‘ছোট ছোট ছেলেমেয়েদের পরীক্ষার সময় তিনি হরতাল দিয়েছেন। কারণ তিনি এদের পড়াশোনা চান না। কারণ বিরোধীদলীয় নেত্রী ম্যাট্রিকে শুধু অঙ্ক আর উর্দুতে পাস করেছিলেন।’

ক্ষমতায় এলে প্রতিটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দিয়ে শেখ হাসিনা বলেন, ‘নিজ জেলায় যেন সবাই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, সে জন্য প্রতি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয় করা হবে। এ ছাড়া প্রতি উপজেলায় একটি করে সরকারি কলেজ ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করা হবে।’ হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী পড়াশোনার জন্য সরকারের কাছ থেকে টাকা নিয়ে তাঁর দুই ছেলেকে তাঁদের মানি লন্ডারিংয়ের শিক্ষায় শিক্ষিত করেছেন। তাঁদের পাচারকৃত অনেক টাকা বিদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আরও আনা হবে।’

এ সময় গত চার বছর নয় মাসে তাঁর সরকারের নেওয়া উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী। হাসিনা বলেন, ‘বিএনপি নেত্রী লাখো শহীদের রক্তে রঞ্জিত এই দেশে যুদ্ধাপরাধীদের গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছেন। ক্ষমতায় এলে আবার তিনি এটা করবেন। তাদের ছেড়ে দেবেন। তাঁদের হঠাতে আপনারা আবার নৌকায় ভোট দিন।’

স্থানীয় সাংসদ জিল্লুল হাকিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, আহমদ হোসেন, রেলমন্ত্রী মুজিবুল হক, স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, ফরিদপুর-১ আসনের সাংসদ আবদুর রহমান প্রমুখ।