হরতাল প্রত্যাহারে ৩০ সংস্কৃতিসেবীর আহ্বান
৩০ নভেম্বর সকাল-সন্ধ্যা হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন ৩০ জন সংস্কৃতিসেবী। এক বিবৃতিতে তাঁরা বলেছেন, বহু সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত গণতান্ত্রিক ধারা যাতে ব্যাহত না হয়, সে ব্যাপারে সবারই দায়িত্ব আছে। হরতাল আহ্বান গণতান্ত্রিক অধিকার হলেও এর যৌক্তিকতা ও ন্যায্যতার বিষয়টিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।গতকাল শনিবার এই বিবৃতি দেন সংস্কৃতিসেবীরা। এতে সাংবিধানিক পদ্ধতিতে এবং আলাপ-আলোচনার মাধ্যমে বিরাজমান সব সংকট সমাধানে সরকার ও বিরোধী দলের যৌথ উদ্যোগ প্রত্যাশা করেন তাঁরা। জনজীবনে সংকট তৈরি এবং যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে, এমন কোনো কর্মসূচি দেওয়া থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহ্বানও জানান সংস্কৃতিসেবীরা।সৈয়দ শামসুল হক, সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদার, কবি বেলাল চৌধুরী, কবি মহাদেব সাহা, শিল্পী হাশেম খান, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফেরদৌসী মজুমদার, নাসির উদ্দীন ইউসুফ, আতাউর রহমান, মফিদুল হক, ম হামিদ, পীযূষ বন্দ্যোপাধ্যায় প্রমুখ এই বিবৃতিতে সই করেন।