হরতাল প্রত্যাহারের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভারে ভবনধসের কথা চিন্তা করে মানবিক কারণে বিরোধী দলের আগামী ২ মের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী গতকাল সোমবার আহত শ্রমিকদের দেখতে সাভারের সম্মিলিত সামরিক হাসপাতালে যান। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিরোধী দলের প্রতি এই আহ্বান জানান। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মানবিক কারণে বিরোধী দলকে ২ মের হরতাল প্রত্যাহার এবং হরতালের জন্য তারা যে টাকা ব্যয় করত তা রানা প্লাজার ধসে হতাহত ব্যক্তিদের পরিবারকে দেওয়ার আহ্বান জানাচ্ছি।’ বর্তমান পরিস্থিতিতে হরতাল ডাকা দুঃখজনক উল্ল্লেখ করে তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি দেশের জন্য ‘জাতীয় দুর্যোগের’ মতো এবং এ সময় হরতাল ডাকার যৌক্তিক কোনো কারণ নেই।শেখ হাসিনা বলেন, ভবনধসের জন্য যাঁরা দায়ী বলে চিহ্নিত হয়েছেন, তাঁদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। আহত ব্যক্তিদের সুচিকিৎসা এবং তাঁদের পুনর্বাসনের পাশাপাশি উদ্ধার তৎপরতা এগিয়ে চলছে। তাই কেন ও কার জন্য এ হরতাল ডাকা হয়েছে, তা প্রশ্নের দাবি রাখে।ভবনে ফাটল সৃষ্টির পরও রানা প্ল্লাজার কারখানায় জোরপূর্বক শ্রমিকদের পাঠানোকে ‘জঘন্য কাজ’ হিসেবে বর্ণনা করে শেখ হাসিনা বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। রানা প্লাজা পরিদর্শনের সময় সাভারের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী প্রধানমন্ত্রীকে সর্বশেষ উদ্ধার তৎপরতা সম্পর্কে অবহিত করেন। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু এবং তিন বাহিনীর প্রধানেরা এ সময় উপস্থিত ছিলেন।এর আগে প্রধানমন্ত্রী এনাম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং আহত ব্যক্তিদের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। তা ছাড়া জরুরি প্রয়োজন মেটাতে প্রত্যেককে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন।বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জিম্বাবুয়ের হারারে খেলার মাঠে দ্বিতীয় ও শেষ টেস্টে জিম্বাবুয়েকে পরাজিত করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের এটি প্রথম টেস্ট বিজয়।প্রধানমন্ত্রী গতকাল এক বার্তায় জাতীয় দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের ধন্যবাদ জানান।