হরতাল প্রত্যাহারের আহ্বান বিশিষ্ট নাগরিকদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালসহ রাজনৈতিক অস্থিরতার কবলে পড়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা কাল সোমবার থেকে। ওই দিন থেকেই বিরোধী দল টানা তিন দিনের হরতাল ডাকায় এই পরীক্ষা হুমকির মুখে পড়েছে।
ফলে এই দুই পরীক্ষার প্রায় ২১ লাখ শিক্ষার্থীসহ তাদের অভিভাবকেরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। এ অবস্থায় বিরোধী দলের হরতালকে ‘বিবেকহীন, অমানবিক, শিক্ষাবিরোধী ও ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসকারী’ হিসেবে আখ্যায়িত করে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। গতকাল শনিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, হরতাল প্রত্যাহার না হলে আজ রোববার দুপুরে সংবাদ সম্মেলন করে হরতালে পরীক্ষা হবে কি না, তা জানানো হবে।
হরতাল প্রত্যাহারে নাগরিক আহ্বান: দেশের ২২ বিশিষ্ট নাগরিক গতকাল শনিবার এক বিবৃতিতে জেএসসি-জেডিসি এবং প্রাথমিক শিক্ষা সমাপনী চলাকালে হরতাল না দেওয়ার আহ্বান জানিয়েছেন। গণসাক্ষরতা অভিযানের প্যাডে পাঠানো ওই বিবৃতিতে তাঁরা বলেন, ‘রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অধিকার আদায় গণতান্ত্রিক ব্যবস্থায় একটি স্বীকৃত পন্থা। কিন্তু বর্তমানে সার্বিক পরিস্থিতি উদ্বেগজনক হয়ে ওঠার কারণে দেশের সব রাজনৈতিক দল ও সহযোগী সংগঠনের কাছে আবেদন জানাচ্ছি, পাবলিক পরীক্ষা চলাকালে কোনো রকম হরতাল-অবরোধ, পাল্টাপাল্টি সমাবেশ বা রাজনৈতিক সহিংসতা ঘটতে পারে, এমন কোনো কর্মসূচি যেন তারা না দেয়। আমরা বিশ্বাস করি, সব রাজনৈতিক দল জানে, এই পরীক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সুযোগ্য ও সুনাগরিক হিসেবে গড়ে তোলা সবার দায়িত্ব।’
বিবৃতিতে সই করেন এম হাফিজউদ্দীন খান, আনিসুজ্জামান, জামিলুর রেজা চৌধুরী, রাশেদা কে চৌধুরী, নজরুল ইসলাম, সৈয়দ মনজুরুল ইসলাম, আবদুল মজিদ, ইফতেখারুজ্জামান, বদিউল আলম মজুমদার, মোহিত কামাল, খুশী কবির, ক্রিকেটার হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট, শিল্পী এস আই টুটুল, সালমা খান, এম এম আকাশ, শফি আহমেদ, মনজুর আহমেদ, আনোয়ারা বেগম, শাহীন আনাম, ফারাহ কবীর ও মেসবাহ কামাল।
অভিভাবক ঐক্য ফোরাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসসি পরীক্ষা চলাকালে হরতাল কর্মসূচি স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন। এ ছাড়া ঢাকা বিভাগ শ্রমিক লীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।