হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে লেগেছে সাত ঘণ্টা
হরতাল প্রত্যাহার করার সিদ্ধান্ত নিতে প্রায় সাত ঘণ্টা সময় লেগেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের। সকাল নয়টায় সাভারে ভবন ধসে পড়ার পর বিকেল পৌনে চারটার দিকে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। এর আগে প্রথমে সাভারে হরতাল শিথিল করার ঘোষণা দেয় দলটি। সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজা নামে আটতলা ভবনটি ধসে ১০০ ব্যক্তি নিহত হন। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভবন ধসে পড়ার কিছুক্ষণের মধ্যে তাঁরা তা জানতে পারেন। সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির সাভার শাখার কয়েকজন নেতার সঙ্গে কেন্দ্রীয় নেতাদের ফোনে কথা হয়। এরপর সাভারে হরতাল শিথিল করার ঘোষণা দেয় বিএনপির স্থানীয় কমিটি। সকাল ১০টার কিছু পর গণমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বেলা ১১টার দিকে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। তবে শোকবাণীতে হরতাল প্রত্যাহারের কোনো ঘোষণা দেওয়া হয়নি। এরই মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হরতাল প্রত্যাহারের জন্য বিএনপির প্রতি আহ্বান জানান এবং তা গণমাধ্যমে প্রচার হয়। এর পরিপ্রেক্ষিতে বিএনপির অবস্থান জানতে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানের কাছে ফোন করেন সাংবাদিকেরা। বিএনপির স্থায়ী কমিটির কয়েকজন সদস্যের কাছেও ফোন করেন তাঁরা। সাংবাদিকেরা কথা বলেন বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের কর্মকর্তা, প্রেস সচিব ও প্রেস উইংয়ের অন্য কর্মকর্তাদের সঙ্গেও। কিন্তু কোনো নেতা বা কর্মকর্তা নাম প্রকাশ করে গণমাধ্যমে এ বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি। তবে কয়েকজন বলেছেন, খালেদা জিয়া সিদ্ধান্ত দিলেই কেবল তা জানানো হবে।তিনবারে প্রত্যাহার: বেলা ১১টায় শুধু সাভার উপজেলায় হরতাল শিথিল করার ঘোষণা দিয়েছিলেন শামসুজ্জামান। বেলা দুইটার দিকে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলা ও মহানগরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেন দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার। সাংবাদিকেরা জানতে চান, ধসে পড়া ভবনের চারটি তলায় পোশাক কারখানা ছিল। সেখানকার বেশির ভাগ কর্মীই ঢাকার বাইরের। ঢাকা জেলার বাইরে হরতাল থাকলে হতাহত ব্যক্তিদের স্বজনেরা কীভাবে ঢাকায় আসবেন বা ঢাকা থেকে গ্রামে যাবেন? জবাবে এম কে আনোয়ার বলেন, ‘উদ্ধারসংক্রান্ত সব কার্যক্রম হরতালের আওতামুক্ত থাকবে। আশা করি, কেউ আসতে চাইলে কোনো অসুবিধা হবে না।’ সকালে হরতাল শিথিল করার করা পর এই সিদ্ধান্তটি নিতে এত সময় লাগল কেন—জানতে চাইলে এম কে আনোয়ার বলেন, ‘ঘটনা যে এমন ভয়াবহ হবে, তা বোঝা যাচ্ছিল না। এ ছাড়া এটি ১৮ দলের হরতাল। তাই সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে একটু সময় লেগেছে।’কিন্তু হরতালের শেষ বেলায় অর্থাৎ শেষ হওয়ার সোয়া দুই ঘণ্টা আগে বিকেল পৌনে চারটার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের শামসুজ্জামান বলেন, জোটপ্রধান খালেদা জিয়া ও অন্য শরিকেরা সারা দেশে হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে বাকি সময়ের জন্য হরতাল প্রত্যাহার করা হলো।