অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘হরতাল এখন কোনো কর্মসূচি নয়, বরং এখন তা সহিংসতার হাতিয়ার। তাই জনগণ ও রাষ্ট্রের স্বার্থে হরতাল বন্ধ করতে হবে। এ জন্য আইনি ব্যবস্থা নেওয়া উচিত।’ বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বিভাগীয় গ্রাম পুলিশ সমাবেশ শেষে গতকাল শনিবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ মত ব্যক্ত করেন। এর আগে নগরের রিকাবীবাজার এলাকার সিলেট অডিটোরিয়ামে তিনি গ্রাম পুলিশ সিলেট বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন। সমাবেশে অর্থমন্ত্রী জানান, গ্রাম পুলিশদের সমস্যা সমাধানে কোনো সরকার কখনো এগিয়ে আসেনি। শুধু আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার অতীত থেকে বর্তমান পর্যন্ত যা করার করেছে। ১৯৭৪ সালে চৌকিদার, দফাদারদের বেতন-ভাতা ছিল ১২০ টাকা। পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তা বাড়িয়ে যথাক্রমে এক হাজার ৪০০ টাকা ও এক হাজার ৬০০ টাকা করেছে। ২০১০ সালে সরকার আবার তা বাড়িয়ে এক হাজার ৭০০ ও এক হাজার ৯০০ টাকায় উন্নীত করেছে। সভায় অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশের সব জঞ্জাল পরিষ্কারের দায়িত্ব আওয়ামী লীগের ঘাড়ে পড়ে। এতে মনে হয়, যেন এই দেশে এর আগে আর কোনো সরকার ছিল না। তবে হতাশ হওয়ার কিছু নেই। কারণ, শেখ হাসিনার নেতৃত্বে আগামী দিনেও দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ গ্রাম পুলিশ সিলেট বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি এম এ বাসিতের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আব্দুজ জহির চৌধুরী, সাবেক সচিব এ কে এম মুবিন, মহানগর পুলিশ কমিশনার অমূল্য ভূষণ বড়ুয়া, জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল প্রমুখ। এর আগে সকালে অর্থমন্ত্রী সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) অধীনে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ক্ষুদ্র মহিলা উদ্যোক্তাদের মধ্যে ঋণ বিতরণ করেন। দুপুরে অর্থমন্ত্রী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে বিভিন্ন উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।