হরতাল বন্ধে সংসদে প্রস্তাব দিতে রাজি অর্থমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল অর্থনীতিকে বিপর্যস্ত করছে। আর তাই হরতাল বন্ধে সংসদে প্রস্তাব দিতে পারেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মন্ত্রী বলেন, ‘হরতাল অর্থনীতিকে বিপর্যস্ত করছে। যেই করুক এটা সহিংস হয়। এটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। এটা বন্ধে আমি সংসদে প্রস্তাব দিতে রাজি আছি।’

আজ বুধবার সকালে সচিবালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) একটি প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে মুহিত এসব কথা বলেন।

পাশাপাশি জামায়াতে ইসলামীকে একটি সন্ত্রাসী দল হিসেবে  ঘোষণা করা উচিত বলে মনে করেন অর্থমন্ত্রী। তিনি বলেন,  জামায়াত একটি সন্ত্রাসী দল। এর প্রমাণ হচ্ছে—সিলেটে দুজন জামায়াত নেতা ধরা পড়েছে, সঙ্গে সঙ্গে আমার বাড়িতে আক্রমণ হয়েছে।’

অবরোধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘অবরোধ মারাত্মক। আমাদের দুর্ভাগ্য, অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা আমরা নিজেরাই তৈরি করে রেখেছি। বিদেশি কোনো ভীতি নেই। বিরোধী দল বুঝতেই চাচ্ছে না। খালেদা জিয়া তো মানবেনই না। কিন্তু তাঁর সঙ্গে তো সাঙ্গপাঙ্গরা আছেন। তাঁরা তো নির্বোধ না। তাঁদের সঙ্গে ব্যবসায়ীরাও আছেন। তাঁদের নিজেদের স্বার্থ বোঝা উচিত।’ 

নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা হবে বলে মনে করেন মুহিত।

নতুন সরকারে তিনি অর্থমন্ত্রী থাকছেন কি না—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, আমি আগেও বলেছি, আবারও বলছি, অর্থমন্ত্রী থাকলে ১৪-১৬ ঘণ্টা কাজ করতে হয়। কিন্ত ১৪-১৬ ঘণ্টা কাজ করা মুশকিল। আমার ইচ্ছে ছিল আগামীতে সাংসদ হিসেবে থাকা। কিন্তু মন্ত্রী নির্বাচন করেন প্রধানমন্ত্রী। তিনি যদি কাউকে নির্বাচন করেন, তবে খুব কম লোকই আছেন যিনি সেটা অমান্য করতে পারেন।’