হরতাল বন্ধের কোনো সিদ্ধান্ত নেই: আইনমন্ত্রী
হরতাল বন্ধে আইন করার ব্যাপারে সরকারিভাবে আলোচনা বা কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তবে হরতালে নাশকতামূলক কার্যক্রমের মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা থেকে বিরত থাকতে তিনি বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন।ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে আইন করে হরতাল বন্ধ করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এর আগে মন্ত্রী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট আয়োজিত ১১৩তম বিচার প্রশাসন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথির বক্তব্য দেন।বর্তমান সরকার আদালতকে প্রভাবান্বিত করে পক্ষে-বিপক্ষে রায় নিচ্ছে বলে বিরোধী দল যে কথা বলছে, তা ভিত্তিহীন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিচারে বিচারকদের বিব্রতবোধ করা নতুন কিছু নয়। অতীতেও বিচারকদের বিব্রতবোধের ঘটনা ঘটেছে।বিএনপির নেতা ইলিয়াস আলী গুমের ঘটনায় বিরোধী দলের ডাকা হরতালের কারণে মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, হরতালের কারণে কিছু সময় নিলেও বিচার যথানিয়মে চলবে। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ বিচার সম্পন্ন হবেই।অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বিচারকাজ প্রলম্বিত হলে বিচারপ্রার্থীরা হতাশায় ভোগে। বিরোধের নিষ্পত্তি দীর্ঘায়িত হলে আরও বিরোধ সৃষ্টির আশঙ্কা থাকে। এ জন্য বিচারপ্রার্থীরা স্বল্প খরচে অল্প সময়ের মধ্যে বিরোধের নিষ্পত্তি চায়। তিনি বলেন, বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থা কার্যকর করতে বিচারকদের ভূমিকা রাখতে হবে। এ ব্যবস্থার প্রতি আইনজীবীদের উদ্বুদ্ধ ও উৎসাহিত করতে তিনি বিচারকদের প্রতি আহ্বান জানান।ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে কোর্স পরিচালক মো. জাকির হোসেন বক্তব্য দেন। ১৩ দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে ৩৮ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।