হরতাল বা গ্রেপ্তার সংলাপে সহায়ক নয়: ক্রুডেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিবাচক রাজনৈতিক সংলাপের জন্য রাজনীতিবিদদের গ্রেপ্তার কিংবা হরতাল সহায়ক নয় বলে মনে করে কানাডা।

আজ মঙ্গলবার সকালে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত হিদার ক্রুডেন। ঢাকায় কানাডার হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে ক্রুডেনের এ বিবৃতি প্রচার করেছে।

আগামী নির্বাচন স্বচ্ছ, অংশগ্রহণমূলক, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করার ব্যাপারে রাজনৈতিক সদিচ্ছা থাকলে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর সুযোগ এখনো রয়েছে বলে মনে করে কানাডা।

হিদার ক্রুডেন বলেন, বাংলাদেশে অব্যাহতভাবে সহিংসতা বাড়তে থাকায় নিরপরাধ লোকজনের হতাহতের ঘটনায় কানাডা অসন্তুষ্ট। কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সহিংসতা হচ্ছে মানবাধিকার, গণতন্ত্র ও বহুমতের আদর্শের প্রতি কানাডা ও বাংলাদেশের অভিন্ন শ্রদ্ধাবোধের পরিপন্থী। রাজনীতিবিদদের গ্রেপ্তার বা হরতাল ইতিবাচক রাজনৈতিক সংলাপের জন্য সহায়ক নয়।

কানাডার হাইকমিশনার বলেন, ‘সহিংসতা বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য সামাজিক ও অর্থনৈতিকভাবে নেতিবাচক প্রভাব ফেলবে। সম্প্রতি ধর্মীয় সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা আমরা অসন্তোষের সঙ্গে লক্ষ করেছি। চলমান অস্থিতিশীলতা বাণিজ্যিক কর্মকাণ্ডের পরিবেশ, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসা ও দীর্ঘমেয়াদে জাতীয় অর্থনীতিতে প্রভাব ফেলবে, যা খুব সহজে কাটিয়ে ওঠা সম্ভব হবে না। তাই সহিংসতা বন্ধ করা ও চলমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে কাজ করতে আমরা অব্যাহতভাবে সব দলের প্রতি আহ্বান জানাচ্ছি।’