হরতাল ব্যর্থ হয়েছে: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ দাবি করেছেন, বিরোধী দলের ডাকা হরতাল ব্যর্থ হয়েছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে। দেশের সব স্থানে গাড়ি, ট্রেন, বাস ও লঞ্চ চলেছে। ব্যাংক-বিমাপ্রতিষ্ঠানও খোলা ছিল।গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন মাহবুব উল আলম হানিফ। হরতালের মতো নৈরাজ্যকর কর্মসূচি থেকে সরে আসার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান হানিফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবে বিরোধী দল রাজি হলে সংসদ বা সংসদের বাহিরে যেকোনো স্থানে সংলাপে বসতে রাজি আওয়ামী লীগ। সাংবিধানিকভাবে অবৈধ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে আওয়ামী লীগ আলোচনা করতে চায় না। প্রধানমন্ত্রীর প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।এ সময় বঙ্গবন্ধু এভিনিউয়ে আরও উপস্থিত ছিলেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার প্রমুখ।