হরতাল, মামলা হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান (৪৫) হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল শুক্রবার উপজেলার হাটের দিনে স্বতঃস্ফূর্ত হরতাল পালিত হয়েছে। স্থানীয় আওয়ামী লীগের একাংশের উদ্যোগে খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দুপুরে চৌগাছা বাজারে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান কবির প্রথম আলোকে বলেন, ‘হত্যাকাণ্ডের পর আসামি গ্রেপ্তারে পুলিশের তৎপরতায় আমরা সন্তুষ্ট নয়। এ জন্য হরতাল অব্যাহত রাখা হয়েছে। শনিবার (আজ) সকাল ১০টায় একটি বৈঠক রয়েছে। ওই বৈঠকে পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে।’ এদিকে হত্যাকাণ্ডের পর এক দিন পেরিয়ে গেলেও গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। তবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। এঁরা হলেন চৌগাছার জাহাঙ্গীরপুর গ্রামের বকুল ও পান্নু এবং দিঘলসিংহা গ্রামের রনি।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রহমান প্রথম আলোকে বলেন, মামলা করার জন্য নিহত ব্যক্তির পরিবারের লোকজনকে একাধিকবার অনুরোধ করা হয়েছে। দাফন ও জানাজার কারণে তাঁরা মামলা করতে পারেননি। তবে মামলার প্রক্রিয়া চলছে বলে সন্ধ্যায় ওসি জানান।
গতকাল বেলা সাড়ে ১১টায় নিহত চেয়ারম্যান জিল্লুর রহমানের প্রথম জানাজা অনুষ্ঠিত হয় তাঁর নিজ গ্রাম পিতম্বরপুরে। পরে মরদেহ সিংহঝুলী ইউনিয়ন পরিষদে নেওয়া হয়। জুমার নামাজের পর বেলা আড়াইটায় চৌগাছা শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রবল বৃষ্টিপাতের মধ্যেও জানাজায় মানুষের ঢল নামে। পরে যশোর শহরের কারবালা কবরস্থানে তাঁকে দাফন করা হয়। গত বৃহস্পতিবার দুপুরে সিংহঝুলি ইউনিয়ন পরিষদ-সংলগ্ন শহীদ মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে চেয়ারম্যান জিল্লুর রহমানকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি যশোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।