হরতাল যেন এসএসসি পরীক্ষার্থীদের তাক করে দেওয়া

লামিয়া সামিন ভেবে রেখেছে, এসএসসি পরীক্ষা শেষে নানাবাড়ি বেড়াতে যাবে। দাদাবাড়িও যেতে পারে। কিন্তু বিধি বাম। হরতাল–অবরোধ আটকে দিয়েছে মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের এই শিক্ষার্থীর পরিকল্পনা। টানা পরীক্ষার বদলে থেমে থেমে ছুটির দিনগুলোতে পরীক্ষা দিতে হচ্ছে তাকে। এই জেরের শেষ কোথায়, তা সে জানে না। এই অনিশ্চয়তা এক ধরনের হতাশায় আচ্ছন্ন করেছে তাকে।
এ মানসিক অবস্থা কেবল লামিয়া সামিনেরই নয়, তার মতো আরও যারা এসএসসি পরীক্ষার্থী, তারা সবাই এই অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। লামিয়া আরও ভেবেছিল যে পরীক্ষার পর ছুটিতে মায়ের কাছে রান্নার কিছু রেসিপি শিখবে, দাদাবাড়ি গিয়ে সাঁতার শিখবে, কিন্তু সে ভাবনা গুলিয়ে যাওয়ায় মন খারাপ লামিয়ার। মেয়ের পরীক্ষা এ দশা নিয়ে লামিয়ার মা মর্জিনা বেগমও হতাশ। তিনি বলেন, ‘অনেক সমস্যার মধ্যে আছি। কোথাও যাওয়াও যাচ্ছে না।’
২০–দলীয় জোটের ডাকে চলা টানা অবরোধ ও হরতালের কারণে এ বছরের এসএসসি পরীক্ষার্থীদের কোনো পরীক্ষাই পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী হচ্ছে না। একের পর এক হরতালের কারণে বার বার পেছাতে হচ্ছে পরীক্ষার সূচি। কোনো পরীক্ষার আগে এক সপ্তাহ বন্ধ, আবার কোনো পরীক্ষার আগে বন্ধই নেই।
সময়সূচি অনুযায়ী পরীক্ষা না হওয়ার কারণে বিভিন্ন সমস্যা হচ্ছে পরীক্ষার্থীদের। মতিঝিল আইডিয়্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী কাজী তানজিদুল ইসলাম যেমন বললেন, ‘পরীক্ষা কখন হবে, হবে কি হবে না, হরতাল হবে কি হবে না, এটা নিয়ে টেনশন থাকে। আগের রুটিনে পরীক্ষা হলে কত যে ভাল হতো!’
উদ্বিগ্ন অভিভাবকেরাও। তানজীদের বাবা কাজী শামসুল আলম বলেন, সবকিছু এলোমেলো হয়ে গেছে। কোনটা ছেড়ে কোনটা পড়বে, এটা নিয়ে সমস্যা। বাচ্চারা অমনোযোগী হয়ে পড়েছে।
অবরোধ তো আছেই, হরতালও দফায় দফায় চলছে। সপ্তাহের প্রথমে দেওয়া হয় ৭২ ঘন্টার হরতাল। এরপর সেই ৭২ ঘন্টাকে আরও ৪৮ ঘন্টা বাড়িয়ে শেষ দিন পর্যন্ত নিয়ে যাওয়া হয়। এ কারণে প্রতি সপ্তাহেই পরীক্ষা পেছাতে হয়েছে কয়েক দফায়। পরীক্ষা নিয়ে এ ধরনের অনিশ্চয়তা পরীক্ষার্থীদের মনে সৃষ্টি করছে মানসিক চাপ। লামিয়া সামিন বলেন, ‘একবার এমনও হয়েছে যে চারটা বিষয় একই সঙ্গে পড়তে হয়েছে। এর যেকোনো বিষয়েই পরীক্ষা হওয়ার সম্ভাবনা ছিল। খুব টেনশনে ছিলাম।’
এ ধরনের ঘটনা পরীক্ষার্থীদের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করেন মনোচিকিৎসক ডা. মোহিত কামাল। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা নিয়ে যে উচ্চাকাঙ্ক্ষা, আগ্রহ উদ্দীপনা থাকে, এগুলো বাধা পায়। এতে প্রস্তুতির গতি কমে যায়। শিক্ষার্থীরা মানসিকভাবে বিক্ষুব্ধ হয় অথবা আহত হয়।’
সাধারণত এ ধরনের পাবলিক পরীক্ষার আগে বড় কোনো বন্ধ পেলে খুশি হওয়ার কথা পরীক্ষার্থীদের। অথচ বন্ধ বেশি হয়ে যাওয়াতে খুশি হওয়ার চাইতে বরং বিরক্ত তাঁরা। উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জারিফ আরমান বললেন, ‘বন্ধ অনেকদিন হওয়াতে পড়া হচ্ছে না কিছুই।’ ময়মনসিংহ মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ের ইমনা নূরে জান্নাত বলেন, ‘বন্ধের সময় পড়া হয় না। একটা বিষয় এত দিন পড়তে ভালো লাগে না।’
অবরোধের সময় ছেলে মেয়েকে নিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়া নিয়েও আতঙ্কিত অভিভাকেরাও। ইমনার মা হীরা আকতার বলেন, অবরোধে যাওয়া আসা করতে ভয় লাগে। আতঙ্কের মধ্যে থাকি। কিন্তু না গিয়ে তো উপায় নেই।
ইমনার মতো একই প্রতিক্রিয়া জানাল মতিঝিল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সানজিদা হোসেন। তার কথা, ‘বারবার পড়তে হচ্ছে। একই বিষয় বারবার পড়তে বিরক্ত লাগে।’
বারবার এভাবে পরীক্ষা পেছানো, অবরোধ-হরতাল নিয়ে আতঙ্কে থাকা, পরীক্ষা হবে কি হবে না—এ নিয়ে উদ্বেগে থাকা শিক্ষার্থীদের মানসিকতা ও প্রস্তুতির ওপর চাপ ফেলছে বলে মনে করছেন শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। তাঁর মতে, হরতালটা যেন পরীক্ষার্থীদের দিকে তাক করে দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘এর ফলে শিক্ষার্থীরা মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়বে এবং শেষের পরীক্ষাগুলোর ওপর এর প্রভাব পড়বে।’