বিএনপির ডাকা হরতাল রাজনৈতিকভাবে মোকাবিলা করতে আজ সোমবার নগরের ৪১টি ওয়ার্ডে দলীয় নেতা-কর্মীদের মিছিল-সমাবেশ করার নির্দেশ দিয়েছেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। হরতালের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে তিনি এই নির্দেশ দেন। গতকাল রোববার বিকেলে দলীয় কার্যালয় দারুল ফজল মার্কেট চত্বরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকালের সমাবেশে বক্তব্য দেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ প্রমুখ। ১৪ দলের নেতারা বলেন, চট্টগ্রামের রাজপথ বিএনপিকে ‘ইজারা’ দেওয়া হয়নি। রাজপথে কেউ অগণতান্ত্রিক কর্মকাণ্ড চালালে ১৪ দলের নেতারা ঘরে বসে থাকবে না। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। ১৪ দলের নেতারা বিএনপি-জামায়াতের সমালোচনা করে বলেন, হরতাল আর নৈরাজ্যের মাধ্যমে ওরা অগণতান্ত্রিক ও অশুভ শক্তিকে ক্ষমতায় আনতে চায়। তাঁদের এ ষড়যন্ত্র সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে।