হরতাল শেষ, আজ গ্রেপ্তার ২০

১৮-দলীয় জোটের ডাকা ৬০ ঘণ্টার হরতাল শেষ হয়েছে সন্ধ্যায়। গত দুই দিনের তুলনায় আজ বুধবার হরতাল ছিল ঢিলেঢালা। আজ রাজধানীতে পিকেটিংও ছিল তুলনামূলক কম। রাজধানীর বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা যায়, হতরালের শেষ দিনে রাজধানীতে কোনো গাড়ি পোড়ানোর খবর তাদের কাছে নেই। নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা নিলুফা ইয়াসমিন প্রথম আলো ডটকমকে জানান, আজ রাজধানীতে আগুন লাগানোর ঘটনা না থাকলেও হরতাল চলাকালে সোম ও মঙ্গলবার ২১টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে সোমবার ১১টি এবং মঙ্গলবার ১০টি গাড়িতে আগুন দেওয়া হয়।
এদিকে অন্য দুদিনের তুলনায় আজ জীবনযাত্রা ছিল অনেকটা স্বাভাবিক। রাজধানীর বিভিন্ন সড়কে গত দুদিনের তুলনায় বেশি যানবাহন চলাচল করতে দেখা যায়। এ ছাড়া দোকানপাটও বেশি খোলে। ব্যাংক ও শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন চলে।
অন্যদিকে ডিএমপির নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জহির প্রথম আলো ডটকমকে জানান, আজ রাজধানীর বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে আটজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বিভিন্ন স্থানে ২৮টি ককটেল বিস্ফোরণ, ১৩টি ককটেল উদ্ধার এবং সকালে তেজগাঁও এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশায় আগুন দেওয়া হয় বলে জানান তিনি।