হরতাল শেষে তীব্র যানজটে নাকাল নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন হরতাল শেষে চট্টগ্রামে তীব্র যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে চট্টগ্রাম নগরবাসীকে। হরতাল শেষে বুধবার সন্ধ্যা থেকে রাস্তায় যানবাহনের ভিড় বাড়তে থাকে। গতকাল বৃহস্পতিবার নগরের বিভিন্ন মোড়ে দেখা গেছে যানজট। জেএসসি পরীক্ষার্থীসহ অফিসগামী লোকজনই বেশি শিকার হয়েছে এই যানজটের। ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটের প্রভাবও ফেলেছে নগরে। আজকের সরকারি ছুটি, আগামী রোববার চট্টগ্রামে ডাকা হরতাল এবং সম্ভাব্য হরতালের আশঙ্কায় সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজ সেরে নেওয়ার চেষ্টা করেছেন।
এ ছাড়া হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের বাস, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশা রাস্তায় নামায় যানজট তীব্র আকার ধারণ করে। নিউমার্কেট, টাইগারপাস, চকবাজার, আগ্রাবাদ, দেওয়ান হাট, জিইসি মোড়, সিটি গেট, ষোলশহর, আন্দরকিল্লাসহ বিভিন্ন এলাকায় বেশি যানজট দেখা যায়। মহানগর পুলিশের উপকমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান বলেন, গত সপ্তাহের হরতাল-পরবর্তী যানজটের অভিজ্ঞতার আলোকে এবার তাঁরা সাধ্যমতো ব্যবস্থা নিয়েছেন। কিন্তু নগরের বেশির ভাগ মানুষ রাস্তায় বের হওয়ায় যানজট সামলাতে ট্রাফিক পুলিশকে হিমশিম খেতে হয়েছে।