হরতাল সংলাপের ক্ষেত্রে বাধা নয়: আশরাফ
হরতাল বা অবরোধ সংলাপের ক্ষেত্রে কোনো বাধা নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
গতকাল শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘জাতীয় সমবায় পুরস্কার-২০১১’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ এ মন্তব্য করেন।
সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের আমন্ত্রণ এখনো অব্যাহত আছে। আমরা তাঁর (খালেদা জিয়া) জন্য অপেক্ষায় আছি, তিনি কবে আসবেন। আশা করি, যেদিন তিনি সুবিধা পাবেন, সেদিনই আসবেন। সংলাপের রাস্তা সব সময় খোলা। হরতাল ও অবরোধ আলোচনার ক্ষেত্রে কোনো বাধা নয়।’ তিনি বলেন, ‘আগামী জানুয়ারিতে নতুন সরকার আসবে। আর বিরোধী দল কোনো ইম্পসিবল (অসম্ভব) অবস্থা সৃষ্টি করলে সেটা কীভাবে পসিবল (সম্ভব) করতে হয়, তা আমাদের জানা আছে।’
পুরস্কৃত ১০ সমিতি: এর আগে অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে এবার ১০টি সমবায় সমিতিকে পুরস্কার দেওয়া হয়। সৈয়দ আশরাফ ওই সব সমিতির কর্তাব্যক্তিদের হাতে জাতীয় সমবায় পুরস্কার তুলে দেন। সমিতিগুলো হলো ফসিয়ার রহমান কৃষি ও জনকল্যাণ সমবায় সমিতি, জিয়ালা ঘোষপাড়া প্রাথমিক দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতি, মঠবাড়ি খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, কলিগ্রাম বসুন্ধরা মহিলা সমবায় সমিতি, কাম টু সেভ বহুমুখী সমবায় সমিতি, মনাটেক যাদুগানালা মৎস্য চাষ বহুমুখী সমবায় সমিতি, কুলিয়ারচর উপজেলা মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি, দিয়ারা কুঞ্জনগর পুরুষ বিত্তহীন সমবায় সমিতি, বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি এবং বাঘাবাড়ি
ট্রাক ও ট্যাংক-লরি শ্রমিক বহুমুখী সমবায় সমিতি। পরে সমবায়ের উপকারিতা নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
গণমাধ্যমের মালিক নব্য ধনিক শ্রেণী: পুরস্কার বিতরণ অনুষ্ঠানে লিখিত বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর বৈধ-অবৈধ উপায়ে দেশে নব্য ধনিক শ্রেণীর উদ্ভব ঘটেছে। তাঁরাই এখন গণমাধ্যমের মালিক। এক পত্রিকা আরেক পত্রিকাকে কীভাবে আক্রমণ করছে, সংবাদকর্মীরা তা কষ্ট করে লিখছেন। তাঁদের কষ্ট কখনো মালিকপক্ষের কাছে পৌঁছায় না।
স্থানীয় সরকার ও সমবায়মন্ত্রী বলেন, সমবায়ীরা বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সমবায়ের আওতা দিন দিন বাড়ছে। তিনি বাইরের লোক এসে সমবায়ীদের ওপর খবরদারি করার কঠোর সমালোচনা করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এম এ কাদের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।