হরতাল সন্ত্রাসী কর্মকাণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘হরতাল রাজনীতির ভাষা নয়, হরতাল সন্ত্রাসী কর্মকাণ্ড। হরতালের নামে জামায়াত-শিবির ট্রেনে আগুন দেওয়ার মতো দুঃসাহস দেখিয়েছে। উন্নয়নের স্বার্থে তাদের রুখতে হবে।’
গতকাল বুধবার দুপুরে সিলেট রেলওয়ে স্টেশনে সিলেট-আখাউড়া সেকশনে ডেমু ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী এ কথা বলেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে রেলের জন্য আলাদা মন্ত্রণালয় করেছে। আগে রেলে শুধু নাই শব্দ ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলওয়ের প্রতি আন্তরিক হওয়ায় ৩৮টি প্রকল্পের মাধ্যমে ১৮ হাজার ৩১০ কোটি টাকার উন্নয়নকাজ করছেন। এ ধারা অব্যাহত থাকলে দেশের সবচেয়ে সুন্দর যোগাযোগব্যবস্থা হবে রেল।
উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হরতাল বন্ধ করতে হবে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে ২২ বছর। এর মধ্যে ১৭ বছরে যে বাজেট হয়েছে, তার দ্বিগুণ হয়েছে গত পাঁচ বছরে। দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হরতাল বন্ধ করতে হবে। হরতাল অর্থনীতি ও উন্নয়নকে রুখে দেয়।
সিলেট রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সিলেট থেকে কাছের দূরত্বের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে কমিউটার ট্রেনটি চালু করা হয়েছে। প্রতিদিন ভোর পাঁচটা ৩৫ মিনিটে ট্রেনটি সিলেট থেকে ছেড়ে আখাউড়া স্টেশনে পৌঁছাবে দুপুর ১২টায়। আখাউড়া স্টেশন থেকে বিকেল সাড়ে তিনটায় ছেড়ে সিলেটে পৌঁছাবে রাত ১০টায়। ট্রেনটি ১৬ স্টেশনে যাত্রাবিরতি করবে। শুক্রবার ট্রেনটি বন্ধ থাকবে।
রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রেলপথমন্ত্রী মুজিবুল হক, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী উপস্থিত ছিলেন।