হরতাল সফল করতে পাঁচ জেলার নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৭ জুন বিএনপির ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে গতকাল মঙ্গলবার ঢাকা ও এর আশপাশের আরও চারটি জেলার জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন দলটির কেন্দ্রীয় নেতারা। গতকাল দুপুরে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও নরসিংদী জেলার নেতারা অংশ নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে বৈঠকে এম শামসুল ইসলাম, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মান্নান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।বৈঠক শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, হরতাল সফল করতে ঢাকা ও এর আশপাশের জেলার নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। নেতারা নিজ নিজ অবস্থানে থেকে হরতালকে সর্বাত্মক সফল করতে কাজ করবেন বলে জানিয়েছেন। মির্জা ফখরুল বলেন, পাশাপাশি এসব জেলার সাংগঠনিক অবস্থা সম্পর্কেও কেন্দ্রীয় নেতারা খোঁজ নিয়েছেন। হরতাল সফল করতে এর আগে গত সোমবার জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও আলোচনা করেন বিএনপির নেতারা।