হরতাল সফল করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা হরতাল সফল করার আহ্বান জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতারা। তাঁরা জাতীয় কমিটির জনসংযোগ কর্মসূচিতে পুলিশি বাধার নিন্দা ও প্রতিবাদ জানান। কনোকোফিলিপসের সঙ্গে করা চুক্তি বাতিলের দাবিতে জাতীয় কমিটি ৩ জুলাই ঢাকায় অর্ধদিবস হরতাল ডেকেছে। এই হরতাল সফল করার আহ্বান জানিয়ে জাতীয় কমিটি গতকাল মঙ্গলবার রাজধানীতে জনসংযোগ করে। জনসংযোগে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় কমিটি সমাবেশ করেছে। জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিভিন্ন বাম রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এক সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা বলেন, গ্রেপ্তার করে জাতীয় সম্পদ রক্ষার আন্দোলন থেকে রাজনীতিকদের পিছু হটানো যাবে না। সমাবেশে সিপিবির নেতা সৈয়দ আবু জাফর আহমেদ, শামছুজ্জামান সেলিম, লক্ষ্মী চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ শেষে মিছিল বের করেন নেতারা। মিছিলটি জাতীয় প্রেসক্লাবে গিয়ে শেষ হয়।হরতালের তারিখ পরিবর্তনের দাবি: ৩ জুলাই হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ‘রথযাত্রা’ অনুষ্ঠিত হবে। ধর্মীয় এই উৎসব পালনের সুবিধার্থে রোববারের হরতালের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছে সনাতন ধর্মীয় সম্মিলিত পরিষদ। এক যুক্ত বিবৃতিতে পরিষদের আহ্বায়ক জয়ন্ত কুমার সেন ও সদস্য সচিব দিলীপ ভদ্র এ দাবি জানান। বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সভাপতি হিরেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক অনিল চন্দ্র পালও পৃথক বিবৃতিতে একই দাবি জানিয়েছেন।