হরতাল সফল করার আহ্বান বিএনপির
আগামী ৭ ফেব্রুয়ারির সকাল-সন্ধ্যা হরতাল সফল করতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়।সভায় হরতাল সফল করতে মূল দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের মাঠে থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে।সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেন, হরতালে অহেতুক শক্তি প্রয়োগ করে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করলে এর দায় সরকারকেই নিতে হবে। তিনি বলেন, সরকারের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে জনগণ হরতালে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবে। বিএনপি শান্তিপূর্ণভাবেই এই কর্মসূচি পালন করবে।বিএনপির মহাসচিব আড়িয়ল বিলের ঘটনায় গ্রেপ্তার হওয়া ২১ জনকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও আবদুল্লাহ আল নোমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রীর বক্তব্য বিকৃত তথ্যে ভরা: গতকাল বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর খোন্দকার দেলোয়ার দাবি করেন, প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ে সংসদে যে বক্তব্য দিয়েছেন, তা বিকৃত তথ্যে ভরা। তিনি বলেন, ১৯৯৬, ২০০১ এবং বর্তমান দ্রব্যমূল্যের তালিকা পত্রিকাগুলোতে পাওয়া যাবে।হরতাল প্রত্যাহারে সরকারের আহ্বানের পরিপ্রেক্ষিতে বিএনপির মহাসচিব বলেন, বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াসহ আড়িয়ল বিলবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, শেয়ারবাজারে অর্থ লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে হরতাল ডাকা হয়েছে। এসব দাবি পূরণ হলে হরতাল প্রত্যাহার করা হবে।দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, হবিগঞ্জ-১ আসনে উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য শেখ সুজাত আলী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।