হরতাল-সমর্থকদের সঙ্গে র্যাব-পুলিশের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদুল ইসলাম  প্রথম আলো
রাশেদুল ইসলাম প্রথম আলো

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা হরতালের সমর্থনে গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে মিছিল-সমাবেশ করেছেন। কুমিল্লা, গাইবান্ধাসহ বিভিন্ন স্থানে হরতাল-সমর্থকেরা গাড়ি ভাঙচুর ও আগুন দেন। এ সময় কয়েক স্থানে র‌্যাব-পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ হয়। রাজশাহীতে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ছাত্রশিবিরের এক নেতা নিহত হন। আহত হন আরও অন্তত ২০ জন। নাটোরে সংঘর্ষে আহত হন আরও ১০ জন। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জ এবং পটুয়াখালীর বাউফলে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হন।

নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: গতকাল বিকেল সাড়ে চারটার দিকে হরতালের সমর্থনে নগরের কাজলা এলাকায় ১৮ দলের নেতা-কর্মীরা মিছিল-সমাবেশের জন্য জড়ো হতে থাকেন। এ সময় শিবিরের কর্মীরা র‌্যাবের একটি গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে র‌্যাব ধাওয়া করে। তখন র‌্যাবের সঙ্গে শিবির ও বিএনপির কর্মীদের সংঘর্ষ বাধে। পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করতে থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করেছে।
সংঘর্ষে মতিহার জোনের উপকমিশনার প্রলয় চিসিম, মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সোবহান, মতিহার থানা বিএনপির সভাপতি আনছার আলীসহ অন্তত ২০ জন আহত হন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জিয়াউদ্দিন জানান, র‌্যাব-পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় শিবিরনেতা রাশেদুল ইসলাম নিহত হন। এ ছাড়া আরও ২০ জন রাবার বুলেটে আহত হন। রাজপাড়া থানার ওসি এ বি এম রেজাউল ইসলাম রাশেদুলের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।
জানা গেছে, রাশেদুলের (৩০) বাড়ি নগরের ডাঁশমারী এলাকায়। তিনি নগরের ২৯ নম্বর ওয়ার্ড শিবিরের অর্থ সম্পাদক ছিলেন। তাঁর বাবার নাম আমিনুল ইসলাম। এ ঘটনায় সন্ধ্যা সাতটার দিকে শিবিরের কর্মীরা নগরের কাদিরগঞ্জ এলাকায় মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাঁদের আবার সংঘর্ষ হয়।

গাজীপুর: গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের স্থানীয় চেরাগআলী মার্কেট এলাকায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন হরতাল-সমর্থকেরা। একপর্যায়ে তাঁরা ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির পর কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। তাঁদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ।

সাভার (ঢাকা): সন্ধ্যা পৌনে সাতটার দিকে পাঁচটি মোটরসাইকেলে করে ১০-১২ জন যুবক এসে একটি বাসে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

নারায়ণগঞ্জ: গতকাল রাত আটটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার সস্তাপুর এলাকায় আল্লাহ ভরসা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় এবং আড়াইহাজার উপজেলা সদরে বিএনপি-সমর্থকেরা হরতালের সমর্থনে মিছিল বের করেন। এ সময় তাঁরা চার-পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এর আগে বিকেলে শহরের ২ নম্বর রেলগেট এলাকায় হরতালের সমর্থনে লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল বের করেন জামায়াত-শিবিরের কর্মীরা। এসব ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।

কেরানীগঞ্জ (ঢাকা): গতকাল রাত সাড়ে আটটার দিকে হরতাল-সমর্থকেরা কেরানীগঞ্জের পোড়াহাটি এলাকায় ঢাকা-নবাবগঞ্জ সড়ক অবরোধ করে পাঁচ-সাতটি যাত্রীবাহী যানবাহন ভাঙচুর করেন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন।

চট্টগ্রাম: গতকাল বিকেলে দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি লাভ লেইন মোড় পার হওয়ার সময় পর পর তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে। সন্ধ্যার দিকে নগরের নিউমার্কেটের অদূরে জলসা সিনেমা হলের কাছে যাত্রীবাহী বাসে আগুন দেন হরতাল- সমর্থকেরা।

খুলনা: নগরের দৌলতপুর থানার তেঁতুলতলা থেকে ১৮-দলীয় জোটের নেতা-কর্মীরা বিকেলে মিছিল বের করেন। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ছোড়ে। সেখান থেকে তারিকুল ইসলাম নামের বিএনপির এক নেতাকে আটক করা হয়।

রাতে খুলনা নগরের জেলখানা ঘাটের ফেরিতে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি। ফেরির টোল আদায়কারী মো. বাকি জানান, রাত নয়টার দিকে ফেরিটি ছাড়ার সময় হঠাৎ ফেরিতে থাকা একটি পিকআপের চালক মনিরুল ‘আগুন, আগুন’ বলে চিৎকার দেন। এরপর তিনি ফেরির ইঞ্জিনের কাছে গিয়ে দেখেন আগুন জ্বলছে। আগুন নেভাতে নেভাতে ইঞ্জিনের পাশে থাকা ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। এতে ইঞ্জিনের বেশ ক্ষতি হয়েছে।

সিলেট: বিকেলে সিলেটে ছাত্রদলসহ অঙ্গসংগঠনের মিছিল থেকে নগরের বন্দরবাজারে মেডিকেল শিক্ষার্থীদের বাস ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি ধাওয়া হয়।

সুনামগঞ্জ: গতকাল রাত নয়টার দিকে শহরের হাজিপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদার বাসায় ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। তবে এতে কেউ হতাহত হয়নি।

কুমিল্লা: আদর্শ সদর উপজেলায় বিকেলে শিবিরের একদল নেতা-কর্মী ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঝটিকা মিছিল বের করেন। মিছিল থেকে হামলা চালিয়ে মহাসড়কের লাগোয়া ইস্টার্ন মেডিকেল কলেজের একটি বাস ভাঙচুর করা হয়। এ সময় ওই বাসে থাকা শিক্ষানবিশ চিকিৎসক মোনালিসা, নাদিয়া, সাফাসহ কলেজের আরও সাতজন আহত হন। এরপর মহাসড়কে বিআরটিসির একটি বাসসহ আরও ছয়টি গাড়ি ভাঙচুর করেন হরতাল-সমর্থকেরা।

নাটোর: সন্ধ্যায় নাটোর শহরের মাদ্রাসা মোড়ে ১৮ দল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে অর্ধশতাধিক রাবার বুলেট ছোড়ে। এতে বিএনপির ১০ নেতা-কর্মী আহত হন। হরতাল-সমর্থকেরাও পুলিশকে লক্ষ্য করে একাধিক ককটেল ফাটান।

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার বাসুদেবপুর বাজারে সন্ধ্যায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাঁচটি মোটরসাইকেল ভাঙচুর ও তিনটি পুড়িয়ে দিয়েছেন শিবিরের কর্মীরা। তাঁদের হামলায় তালুককানুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান (৫৫), ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক আবদুল ওয়ারেছসহ (২৫) পাঁচজন নেতা-কর্মী আহত হন।

বগুড়া: সন্ধ্যা সোয়া সাতটার দিকে শহরের সাতমাথা এলাকার গোহাইল সড়কের মুখে পর পর দুটি ককটেল ফাটান হরতাল-সমর্থকেরা। প্রায় একই সময় রংপুর-ঢাকা মহাসড়কের নওদাপাড়া এলাকায় প্রায় ১৫টি ককটেল ফাটানো হয়। এ ছাড়া প্রায় ২০টি যানবাহন ভাঙচুর ও একটি গাড়িতে আগুন দেওয়া হয়।

বিকেল সাড়ে চারটায় পৌর বিএনপির নেতা-কর্মীরা ধুনটে হাসপাতাল রোডের উচ্চবিদ্যালয়ে মার্কেটের সামনের রাস্তায় পাটবোঝাই একটি ভটভটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা লাঠিমিছিল নিয়ে বিএনপির নেতা আকতার আলমের বাড়িতে ভাঙচুর চালান।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আলাদা আলাদা ঝটিকা মিছিল করেছে যুবদল, ছাত্রদল ও শিবির। এ সময় পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় একজনকে আটক করা হয়।

এ ছাড়া হরতালের পক্ষে-বিপক্ষে গতকাল লক্ষ্মীপুর জেলা শহর, নরসিংদী, রংপুর, নেত্রকোনার পূর্বধোলা, দিনাজপুর, বগুড়ার শেরপুর মিছিল-সমাবেশ হয়েছে।