হরতাল-সমর্থকদের হাতে ইউএনও লাঞ্ছিত
টানা ৬০ ঘণ্টা হরতালের শেষ দিন গতকাল মঙ্গলবার বগুড়ার আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুরকে হরতাল-সমর্থকেরা লাঞ্ছিত করেছেন। উপজেলার সান্তাহার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে হরতাল-সমর্থকেরা সান্তাহার শহরের উপহার সিনেমা হলের সামনে সান্তাহার-বগুড়া আঞ্চলিক সড়ক বন্ধ করে দিয়ে প্রতিবাদ সভা করছিলেন। দুপুর ১২টার দিকে আদমদীঘির ইউএনও রাসেল মনজুর মোটরসাইকেল চালিয়ে সেখানে আসেন। পরে তিনি উপজেলা যুবদলের সভাপতি মাহফুজুর রহমানকে কাছে পেয়ে তাঁকে উপজেলা বিএনপির সভাপতি আবদুল মহিত তালুকদারকে ডেকে দিতে বলেন। এ সময় হরতাল-সমর্থকদের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা তাঁকে কিল-ঘুষি মারেন এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় বিএনপি নেতারা তাঁকে উদ্ধার করেন। বেলা একটার দিকে পুলিশ ভ্যানে করে তাঁকে সান্তাহার থেকে আদমদীঘি উপজেলা সদরে নিয়ে যাওয়া হয়।
আদমদীঘি থানার ওসি তোজাম্মেল হক বলেন, ‘ইউএনও সাহেব আমাকে না জানিয়ে সেখানে গিয়েছিলেন। জানিয়ে এলে এই অপ্রীতিকর ঘটনা ঘটত না।’