ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে ২০ জুন নারায়ণগঞ্জে ডাকা হরতালের সমর্থনে প্রচার চালানোর সময় গত শুক্রবার রাতে সন্ত্রাসীদের হামলায় দুজন ছাত্রনেতা আহত হয়েছেন।সন্ত্রাসী হামলায় আহত ব্যক্তিরা হলেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈ ও ছাত্র ইউনিয়নের নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সজীব শরীফ।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নামের একটি সংগঠন ঢাকা-নারায়ণগঞ্জসহ বিভিন্ন রুটে অতিরিক্ত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে ৩ জুন এই হরতাল আহ্বান করে।প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে ফোরামের কর্মীরা শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনের সামনে পোস্টার লাগাচ্ছিলেন। এ সময় ফোরামের কর্মীদের ওপর মোটরসাইকেলে করে এসে হামলা চালায় একদল সন্ত্রাসী।যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি অভিযোগ করেন, পরিবহন মালিকপক্ষ ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে এই হামলা চালিয়েছে। তিনি বলেন, হামলা কেন, কোনোভাবেই বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের আন্দোলন স্তব্ধ করা যাবে না।এর আগে এক সংবাদ সম্মেলনে পরিবহন মালিক সমিতির নেতারা অভিযোগ করেন, বর্ধিত বাসভাড়া প্রত্যাহারের দাবিতে হরতাল আহ্বানকারী সংগঠনটিকে তাদের দাবি করা চাঁদা না দেওয়ায় তারা এ হরতাল ডেকেছে। তবে কে বা কারা চাঁদা দাবি করেছে জানতে চাইলে পরিবহন মালিক সমিতির নেতারা কোনো নাম বলতে পারেননি।