হরতাল হচ্ছেই, শুধু দিনক্ষণ নিয়ে দ্বিধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির পাঁচ নেতা রিমান্ডে
বিএনপির পাঁচ নেতা রিমান্ডে

পুরোনো দুই মামলায় বিএনপির কেন্দ্রীয় পাঁচ নেতা—মওদুদ আহমদ, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, আবদুল আউয়াল মিন্টু ও শিমুল বিশ্বাসের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। শীর্ষস্থানীয় পাঁচ নেতার রিমান্ডকে রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ বলে অভিযোগ করে এর প্রতিবাদ জানিয়েছে বিএনপি।
এদিকে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে বিএনপি আবারও হরতাল দেবে। তবে আগামী সপ্তাহের হরতালের দিনক্ষণ ঠিক করা নিয়ে কিছুটা দ্বিধায় পড়েছে দলটি। এর কারণ হিসেবে দলীয় সূত্রগুলো বলছে, সপ্তাহের শুরুতে শনিবার যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল ঢাকায় আসছেন। পরদিন তিনি খালেদা জিয়ার সঙ্গে ও সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ওই দিনই ঢাকা ত্যাগ করবেন। আর সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সশস্ত্র বাহিনী দিবস। কর্মসূচি দেওয়ার ক্ষেত্রে এ দুটি বিষয়কে বিবেচনা করতে হচ্ছে।
তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার হরতাল দেওয়ার সম্ভাবনা রয়েছে। ৭ নভেম্বর দলের স্থায়ী কমিটির সর্বশেষ বৈঠকে সিদ্ধান্ত হয়, নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত প্রতি সপ্তাহেই ছুটির দিন ও দু-একটি কার্যদিবস বাদে হরতাল কর্মসূচি থাকবে। তফসিল ঘোষণার পর অবরোধসহ আরও কঠোর কর্মসূচির পরিকল্পনা রয়েছে। সর্বশেষ চার দিনের হরতাল কর্মসূচি শেষ হয়েছে গত বুধবার সন্ধ্যা ছয়টায়।
গত বুধবার রাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বিএনপির জ্যেষ্ঠ কয়েকজন নেতার সঙ্গে পরবর্তী কর্মসূচি এবং মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফরের বিষয় নিয়ে আলোচনা করেছেন।
বিএনপির নীতিনির্ধারকেরা মনে করেন, সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্তর্জাতিক মহলের উদ্যোগ এখনো শেষ হয়ে যায়নি। তাই শেষ সম্ভাবনাটাও কাজে লাগাতে চায় বিএনপি। তা ছাড়া এর আগে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি উইন্ডি আর শারমেন গত মে মাসে ঢাকায় এসেছিলেন। তখন হরতাল থাকায় খালেদা জিয়ার সঙ্গে নির্ধারিত সাক্ষাৎ বাতিল করেন শারমেন। ওই ঘটনাকে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বিএনপির জন্য একটা নেতিবাচক বিষয় ছিল বলে দলটির নেতারা মনে করেন। তাই মার্কিন এই মন্ত্রী ঢাকায় অবস্থানকালে হরতাল বা অন্য কোনো কঠোর কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে বিরোধী দলের একাধিক সূত্র জানিয়েছে।

সরকারসংশ্লিষ্ট একটি সূত্র জানায়, বিএনপির এই কৌশলের কথা জানতে পেরে সরকারও পাল্টা কৌশল অবলম্বন করেছে। গতকাল বিএনপির পাঁচ নেতার আট দিনের রিমান্ড মঞ্জুর এবং খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অবৈধভাবে অর্থ লেনদেনের মামলার রায়ের তারিখ ঘোষণাকে সরকারের এই কৌশল হিসেবে দেখছে বিরোধী দলের নেতারাও। তাঁরা মনে করেন, এর মধ্য দিয়ে সরকার বিএনপিকে আগামী রোববার থেকে হরতালের দিকে ঠেলে দিতে চাইছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ গত রাতে প্রথম আলোকে বলেন, সরকার যত যা-ই করুক, সেই ফাঁদে বিএনপি পা দেবে না। তিনি অভিযোগ করেন, ‘সরকার আমাদের বিভিন্ন গোষ্ঠী ও বিদেশিদের কাছে সব সময় ভিলেন ও জঙ্গি-সন্ত্রাসী হিসেবে দেখাতে চায়। এ জন্য তারা আমাদের সেদিকে ঠেলে দিতে চায়।’

সরকারের এই কৌশলের কারণেই বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসকে জামিন দেওয়ার আশ্বাস দিয়েও সরকার সেখান থেকে সরে গেছে বলে মনে করছেন বিএনপির নেতারা। শিমুল বিশ্বাস একই সঙ্গে পরিবহন শ্রমিকনেতা। তাঁর মুক্তির দাবিতে আজ সকাল থেকে উত্তরাঞ্চলে পরিবহন ধর্মঘট ডাকা হয়েছিল, যা গত রাতে আবার প্রত্যাহার করা হয়। এর কারণ জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের রাজশাহী বিভাগীয় সভাপতি আবদুল লতিফ মণ্ডল ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ খান প্রথম আলোকে বলেন, বুধবার রাতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটি থেকে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার শিমুল বিশ্বাসের জামিনে মুক্তির বিষয়ে সরকার আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

নেতাদের রিমান্ড বাতিল ও মুক্তি দাবি: গতকাল এক বিবৃতিতে পাঁচ নেতাকে রিমান্ডে নেওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, চলমান আন্দোলন ঠেকানো এবং নেতা-কর্মীদের দমন করতে এসব নেতাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার ও রিমান্ড দেওয়া হয়েছে। তিনি গ্রেপ্তার নেতাদের বিরুদ্ধে দায়ের করা ‘বানোয়াট’ মামলা প্রত্যাহার এবং রিমান্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ ছাড়া গতকাল দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবিলম্বে পাঁচ নেতার রিমান্ড বাতিল করে তাঁদের মুক্তির দাবি করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।