হেফাজতে ইসলামের ডাকা আজ সোমবারের হরতাল ‘প্রতিরোধ’ করবে গণজাগরণ মঞ্চ। শাহবাগে শনিবারের মহাসমাবেশেই এ কথা ঘোষণা করা হয়েছিল। গণজাগরণ মঞ্চ সবার প্রতি আজ বেলা ১১টায় জাতীয় পতাকা নিয়ে হরতালবিরোধী মিছিল করে নিজ নিজ এলাকার শহীদ মিনারে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছে। শাহবাগেও আজ বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হবে।গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক মারুফ রসুল গতকাল রোববার প্রথম আলোকে বলেন, শনিবারের মহাসমাবেশের পর থেকে গণজাগরণ মঞ্চ শাহবাগ ছেড়ে যায়নি এবং হেফাজতে ইসলামের আজকের হরতাল চলা পর্যন্ত শাহবাগেই অবস্থান করবে। হরতাল প্রতিহত করার পূর্বঘোষণা অনুযায়ী শাহবাগ থেকে বেলা ১১টায় মিছিল বের হবে এবং বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মিছিল শেষ করা হবে।গতকাল বিকেলে গণজাগরণ মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। গান-কবিতার ফাঁকে ফাঁকে চলে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবিতে স্লোগান। স্লোগানে ছিল হরতাল প্রতিরোধের অঙ্গীকারও। সন্ধ্যা সাতটার পর গণজাগরণ মঞ্চের কর্মী-সমর্থকেরা টিএসসি থেকে রূপসী বাংলা মোড় পর্যন্ত লাঠিমিছিল করেন।আয়োজকেরা জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে এবং শাহবাগ মোড়ে যান চলাচলের সুবিধার্থে মঞ্চ সরিয়ে নেওয়া হয়েছে। তাঁরা বলেছেন, গণজাগরণ মঞ্চ কোনোভাবেই জনগণের অসুবিধা করতে চায় না।আগামী কয়েক দিনের কর্মসূচি: শনিবারের মহাসমাবেশের ঘোষণা অনুযায়ী কাল মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গণজাগরণ মঞ্চ ছাত্রধর্মঘট পালন করবে। তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার সব কার্যক্রম এ ধর্মঘটের আওতামুক্ত থাকবে। এর পরের দিন ১০ এপ্রিল বেলা ১১টা থেকে একটা পর্যন্ত দুই ঘণ্টা গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে আইন মন্ত্রণালয়ের সামনে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওই দিন দেশের মানুষকে নিজ নিজ জেলার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দুই ঘণ্টা গণ-অবস্থান করার আহ্বান জানানো হয়েছে।এ ছাড়া ১৪ এপ্রিল পয়লা বৈশাখে শাহবাগের প্রজন্ম চত্বরে থাকবে গণজাগরণ মঞ্চের দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল চারটায় হবে মহাসমাবেশ।