হরতাল: পানির দরে দুধ বেচতে বাধ্য হচ্ছেন খামারিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল এলেই চরম বিপাকে পড়েন পাবনা-সিরাজগঞ্জের দুধের খামারিরা। কারণ, এ সময় দুধ সংগ্রহকারী বেশির ভাগ প্রতিষ্ঠানই দুধ কেনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। ফলে খামারিরা স্থানীয় বাজারে পানির দরে দুধ বেচতে বাধ্য হন। বেচতে না পেরে অনেক সময় আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যেও বিলিয়ে দিতে হয় দুধ।পাবনার বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া এবং সিরাজগঞ্জের শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলা নিয়ে গড়ে ওঠা দেশের প্রধান গরুর দুধ উৎপাদনকারী অঞ্চলের লক্ষাধিক খামারির আয়ের একমাত্র উৎস তাঁদের খামারে উৎপাদিত দুধ। প্রচুর দুধ উৎপাদিত হওয়ায় এ অঞ্চল থেকে মিল্ক ভিটা, আড়ং দুধ, প্রাণ, ফার্মফ্রেস, অ্যামোমিল্ক, আফতাব, রংপুর ডেইরিসহ কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান প্রতিদিন সোয়া দুই লাখ লিটার তরল দুধ সংগ্রহ ও প্রক্রিয়াজাত করে সারা দেশে খোলাবাজারে বিক্রি করে থাকে।খামারিদের অভিযোগ, হরতাল এলেই প্রতিষ্ঠানগুলো পরিবহন-ব্যবস্থা বন্ধ থাকার অজুহাত দেখিয়ে দুধ কেনা একেবারেই বন্ধ করে দিচ্ছে।এ ব্যাপারে প্রাণ ডেইরি মিল্কের এলাকা ব্যবস্থাপক (বেড়া) রফিকুল ইসলাম বলেন, ‘আমার আওতাধীন এলাকা থেকে প্রতিদিন ৪০ থেকে ৫০ হাজার লিটার দুধ সংগ্রহ করা হয়। হরতালের জন্য আজ (রোববার) আমরা কোনো দুধ সংগ্রহ করিনি। কারণ, দুধ সংগ্রহের পর তা আমাদের প্রধান কারখানা ঢাকায় পাঠাতে হয়।’ আড়ং দুধের (ব্র্যাক) এলাকা ব্যবস্থাপক (বেড়া-শাহজাদপুর) আবুল বাশার বলেন, ‘অন্যান্য প্রতিষ্ঠান হরতালের কারণে দুধ সংগ্রহ বন্ধ রাখলেও আমরা বন্ধ রাখিনি। কারণ, আমাদের শীতলীকরণ কেন্দ্রের ধারণক্ষমতা সংগ্রহ করা দুধের পরিমাণের তুলনায় বেশি।’এদিকে গতকাল বেড়া ও সাঁথিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, দুধ সংগ্রহকারী প্রতিষ্ঠানে দুধ বিক্রি করতে না পেরে খামারিরা বাজারে এনে তা বিক্রি করছেন। সাঁথিয়ার সোনাতলা বাজার, নন্দনপুর বাজার, বেড়ার হাটুরিয়া বাজারসহ বিভিন্ন স্থানে গতকাল ১৬ থেকে ২০ টাকা লিটার দরে দুধ বিক্রি হতে দেখা গেছে। কোনো কোনো স্থানে দুধ বিক্রি করতে না পেরে খামারিদের বাজার থেকে দুধ ফিরিয়ে নিতেও দেখা গেছে।সাঁথিয়া উপজেলার সোনাতলা গ্রামের খামারি রফিকুল ইসলাম বলেন, ‘আমার খামারে প্রতিদিন ১২০ লিটার দুধ হয়। প্রাণ কোম্পানিতে ৩০-৩১ টাকা লিটার দরে দুধ বেইচ্যা কুনু রকমে পুষায়া যায়। কিন্তু হরতালের জন্যে ওই কোম্পানি দুধ না নেওয়ায় বাজারে ১৮ টাকা লিটার দরে দুধ বেচছি। তা-ও সব দুধ বেচব্যার পারি নাই। হরতালের জন্যে দৈনিক পরায় (প্রায়) দেড় হাজার টাকা কইর্যা লস হত্যাছে।’এদিকে খামারি, দুধ ব্যবসায়ীসহ দুগ্ধশিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিরা দুধ পরিবহনকে হরতালের আওতামুক্ত রাখতে হরতাল আহ্বানকারীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।