হরতালকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ
হরতালকারীরা মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে চাঁদা আদায় করছে বলে অভিযোগ উঠেছে। লক্ষ্মীপুর-রায়পুর সড়কের লেংড়া বাজারসহ কয়েকটি স্থানে গত রোববার রাতে গাড়ি পুড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তারা এক হাজার থেকে দুই হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে।
এর আগেও হরতালের রাতে এভাবে চাঁদা আদায় করা হয়। চাঁদা না দেওয়ায় হরতাল পালনকারীদের হাতে কয়েকজন শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন।
স্কুলশিক্ষক ফারুক আহমেদ বলেন, ‘রোববার রাত ১১টার দিকে রায়পুর বাজারে যাচ্ছিলাম। লক্ষ্মীপুর-রায়পুর সড়কের সেবা হাসপাতালের কাছে পৌঁছালে পিকেটাররা আমার মোটরসাইকেল আটক করে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা দুই হাজার টাকা দাবি করে। পরে এক হাজার টাকা দিয়ে রক্ষা পাই।’
৪ নভেম্বরের হরতালের সময় এ পরিস্থিতির শিকার হয়েছেন ট্রান্সকম গ্রপ্রুের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফের প্রতিনিধি (এমআর) বিশ্বনাথ রায়। তিনি বলেন, ‘কাজ শেষে রাত ১০টার দিকে রায়পুর পৌরসভায় বাসায় ফিরছি। খাইল্যার পোল এলাকায় পিকেটাররা আমার গতিরোধ করে। এ সময় কয়েকজন মোটরসাইকেল পুড়িয়ে দিতে আসে। পরে তিন হাজার টাকা দাবি করে। আমার সঙ্গে কোনো টাকা নাই জানালে তারা মোটরসাইকেল থেকে পেট্রল বের করে বোতলে ঢুকিয়ে নিয়ে যায়।’
উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম বলেন, ‘এ ধরনের খবর আমরা আর শুনিনি। এমনটি হওয়ার কথা নয়। তার পরও বিষয়টি খতিয়ে দেখে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, এ নিয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। রাতে ওই সড়কে পুলিশি টহল জোরদার করা হবে।