হরতালকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি মাইজভান্ডারী পরিষদের
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির নামে হরতাল আহ্বান করে দেশে নৈরাজ্য সৃষ্টিকারী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গাউছুল আজম মাইজভান্ডারী পরিষদ। গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে পরিষদের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।সংবাদ সম্মেলনে পরিষদের নেতারা ৪ এপ্রিল হরতালের দিন মাইজভান্ডারের ওরশ শরিফে যোগদানের উদ্দেশে আসা হাজারো নারী-পুরুষের ওপর হামলার অভিযোগ করেন। তাঁরা বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তাঁরা আরও বলেন, দোষীদের বিচারের আওতায় না আনা হলে দুর্বৃত্তদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সংবাদ সম্মেলন থেকে নেতারা ৮ মে ঢাকায় মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।লিখিত বক্তব্য পাঠ করেন সৈয়দ সাইফুদ্দিন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী। এতে তিনি বলেন, হরতালকারীদের তাণ্ডব শুধু ইসলামের দৃষ্টিতেই নয়, প্রচলিত আইনেও জঘন্যতম অপরাধ। তাই হরতালের নামে এই দুর্বৃত্তরা যে অপরাধ করেছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।মাওলানা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী আল হাসানীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে মইনুদ্দীন আহমদ, হাবিবুল বশর, মুজিবুল বশর, জসিমউদ্দিন, নাজিমউদ্দিন, মাহতাবুল বশর প্রমুখ উপস্থিত ছিলেন।