হরতালকারীদের হামলায় যুবলীগ নেতা নিহত
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় হরতাল-সমর্থকদের হামলায় যুবলীগের নেতা আলমগীর হোসেন ওরফে শিমুল (৩৮) নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।
আলমগীর হোসেন ওরফে শিমুল উপজেলার নওয়াপাড়া পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবদুস সালেক প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকাল সাড়ে আটটার দিকে নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে আলমগীর কয়েকজন সহযোগী নিয়ে মাইক্রোবাসে করে হরতালবিরোধী টহল দিচ্ছিলেন। মাইক্রোবাসটি বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে হরতাল-সমর্থকদের মিছিল মাইক্রোবাসটিকে ধাওয়া করে। এ সময় আলমগীর ও তাঁর সহযোগীরা মাইক্রোবাস থেকে নেমে দৌড়ে পাশের হাইওয়ে পুলিশ ফাঁড়িতে অবস্থান নেন। হরতাল-সমর্থকেরা সেখানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আলমগীরসহ কয়েজনকে আহত করেন। এতে ঘটনাস্থলেই আলমগীরের মৃত্যু হয়। তবে ওই সময় ফাঁড়িতে কোনো হাইওয়ে পুলিশ সদস্য ছিলেন না।
গুরুতর আহত আরমান মোল্যা, লিমন হোসেন ও এনামুল ইসলামকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সাড়ে ১০টার দিকে বায়েজিদ হোসেন নামের আরেকজনকে ভৈরব নদ থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।