হরতালে সহিংসতা ঘটলে হরতাল আহ্বানকারী দলের প্রধান ও সহিংসতায় জড়িত ব্যক্তিকে ফৌজদারি অপরাধে দণ্ডিত করা যাবে। এই বিধান রেখে ‘জনস্বার্থ বিল, ২০১০’ চূড়ান্ত করেছে বেসরকারি সদস্যদের বিল ও সিদ্ধান্ত প্রস্তাব-সম্পর্কিত সংসদীয় কমিটি।
কাল থেকে সংসদের ১৯তম অধিবেশন শুরু হচ্ছে। এই অধিবেশনে বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন আকারে উত্থাপনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রথম আলোকে বলেন, জনস্বার্থ বিল, ২০১০-এ হরতালে সহিংসতার সঙ্গে জড়িত ব্যক্তি ও হরতাল আহ্বানকারী দলের প্রধানকে ফৌজদারি কার্যবিধির আওতায় নিয়ে বিচারের বিধান করা হয়েছে।
জাতীয় পার্টির মুজিবুল হক ২০১০ সালে বিলটি উত্থাপন করেন। পরে বিলটি যাচাই-বাছাইয়ের জন্য সংসদীয় কমিটিতে পাঠানো হয়। বিলে ‘হরতাল’ শব্দটির উল্লেখ না থাকলেও এটি মূলত হরতালবিরোধী বিল হিসেবে পরিচিত।
প্রস্তাবিত এই আইনের বিধান অনুযায়ী রাজনৈতিক দলের কর্মসূচির কারণে জনগণের স্বাধীনতা বিঘ্নিত হলে সেই দলের প্রধানসহ সর্বোচ্চ কমিটির বিরুদ্ধে মামলা করা যাবে। নাগরিকদের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিটি জেলায় একটি করে ‘জনস্বার্থ সংরক্ষণ আদালত’ থাকবে। এই আদালত নাগরিকের স্বাধীনতায় বাধা সৃষ্টির অপরাধে সর্বোচ্চ পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড বা ১০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড দিতে পারবেন।
বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের বিভিন্ন সময়ে দেওয়া কর্মসূচি জনস্বার্থমুখী করার লক্ষ্যে এ বিল আনা হয়েছে।
এ ছাড়া গতকালের বৈঠকে উচ্চ আদালতের বিচারক নিয়োগে জুডিশিয়াল কমিশন গঠনের বিধান রেখে জুডিশিয়াল কমিশন বিল, ২০১২-এর প্রতিবেদনও চূড়ান্ত করা হয়। এ বিলটিও সংসদের আগামী অধিবেশনে উত্থাপন করা হবে বলে আবদুল মতিন খসরু জানান।
কমিটির সভাপতি আবদুল মতিন খসরুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য আ স ম ফিরোজ, হাফিজ আহমদ মজুমদার ও আবদুল হাই অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন সরকারি দলের সাংসদ ইসরাফিল আলম এবং জাতীয় পার্টির মুজিবুল হক।