হরতালবিরোধী মিছিল ও সমাবেশে কাদের মোল্লার ফাঁসির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা টানা দ্বিতীয় দিনের হরতালে গতকাল বুধবার হরতালবিরোধী মিছিল-সমাবেশের মাধ্যমে মাঠে ছিল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এসব মিছিল-সমাবেশে মুখ্য হয়ে ওঠে জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির দাবি। ঘোষিত রায়ের বিরুদ্ধে ক্ষোভ জানান উপস্থিত নেতা-কর্মীরা।রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে হরতালবিরোধী অবস্থান শুরু করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসতে থাকেন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসব মিছিলে কাদের মোল্লার ফাঁসি দাবি করে স্লোগান দেওয়া হয়। অনেক মিছিলকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে শাহবাগের ব্যতিক্রমী অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য যেতে দেখা গেছে।গত মঙ্গলবার ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন।গতকাল সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সম্মিলিত আওয়ামী সমর্থক জোট নামের একটি সংগঠন যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন করে। মানববন্ধনে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেন, এ লঘু দণ্ডে মুক্তিযোদ্ধারা হতাশ হয়েছেন। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তুলতে হবে।মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা এ রায় মেনে নিতে পারে না। সাধারণ মানুষ যা চেয়েছে রায়ে তা হয়নি।বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, জামায়াতের সঙ্গে আঁতাতের প্রশ্নই ওঠে না। যারা এ কথা বলছে, তারা বানোয়াট বক্তব্য দিচ্ছে এবং জঘন্য মিথ্যাচার করছে। তিনি বলেন, ‘আজকের মতো জনগণ আগে থেকে সোচ্চার হয়ে মাঠে থাকলে অন্য রকম কিছু হতে পারত।’