হরতালবিরোধী মিছিল করবে গণজাগরণ মঞ্চ

আগামীকাল বুধবার থেকে ডাকা জামায়াতের হরতালকে ‘অবৈধ’ বলে আখ্যায়িত করেছে গণজাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আগামীকাল বেলা ১১টার দিকে শাহবাগ থেকে এবং সারা দেশের সব গণজাগরণ মঞ্চ থেকে হরতালবিরোধী মিছিল করা হবে বলে ঘোষণা দিয়েছেন। যাঁর যাঁর অবস্থানে থেকে হরতাল প্রত্যাখ্যান করার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে গণজাগরণ মঞ্চ মিছিল বের করে। মিছিলটি বাংলামোটর থেকে শাহবাগ ও ক্যাম্পাস হয়ে আবার শাহবাগে ফিরে আসে।
মিছিল শেষে সাংবাদিকদের ইমরান এইচ সরকার বলেন, ‘প্রথমবারের মতো চূড়ান্ত রায় হয়েছে। ওই রায়কে আমরা স্বাগত জানাই। রায়ের মধ্য দিয়ে মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। প্রত্যাশা পূর্ণ হয়েছে।’ এ রায়ের জন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।
ইমরান এইচ সরকার আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হয়েছে। যুদ্ধাপরাধীদের সব রায় কার্যকর করে সেই ম্যান্ডেট রক্ষা করা হবে।’ তিনি বলেন, আপিল বিভাগে যেসব রায় আছে সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে জরুরি পদক্ষেপ নিতে হবে। তিনি জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার আহ্বান জানান। সব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তিনি। রায় দ্রুত কার্যকর ও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে আগামী শুক্রবার বিকেলে শাহবাগে সমাবেশ করার ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।