হরতালবিরোধী মিছিল সমাবেশ
জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের প্রতিবাদে বন্দরনগর চট্টগ্রামে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে নগর আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার দুপুরে দারুল ফজল মার্কেট এলাকায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, ক্ষমতায় যাওয়ার জন্য যারা মানবতা ও সভ্যতাবিরোধী ধর্মান্ধ-জঙ্গীবাদকে মদদ দিচ্ছে, তাদের জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে। তাদের পরিণতি ইতিহাসের পাতায় নির্ধারিত আছে।
জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের রক্ষায় একাত্তরের মতো এখনো ধর্মের নামে মানবতাবিরোধী অপরাধ করে যাচ্ছে বলে মন্তব্য করেন মহিউদ্দিন চৌধুরী। আওয়ামী লীগের নগর শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ ইফতেখার সাইমুল চৌধুরীর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক এম এ রশীদ, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিকুল ইসলাম ফারুক, শফিক আদনান প্রমুখ। এদিকে জামায়াতের হরতালের প্রতিবাদে মিছিল-সমাবেশ করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা শাখা। চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার আহ্বায়ক সীমান্ত তালুকদার, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালি, অলীদ চৌধুরী, মো. এসকান্দর, মহিউদ্দিন সোহেল প্রমুখ।