হরতালবিরোধী মিছিলের নামে নির্বাচনী মহড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীতে গতকাল মঙ্গলবার দেড় হাজার রিকশা ও দুই শ মোটরসাইকেল নিয়ে হরতালবিরোধী শোভাযাত্রা বের করেন আওয়ামী লীগের স্থানীয় সাংসদ জাহিদ আহসান রাসেল। একপর্যায়ে তা নির্বাচনী মহড়ায় পরিণত হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া রিকশাচালক ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানান, বেলা ১১টায় টঙ্গীর নতুন বাজারে দলীয় কার্যালয় থেকে দেড় হাজার রিকশা ও প্রায় ২০০ মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা বের হয়। রিকশা ও মোটরসাইকেলে বসা ছিলেন সাংসদ জাহিদ-সমর্থিত নেতা-কর্মীরা। শোভাযাত্রার সামনে ছিলেন সাংসদ জাহিদ ও তাঁর চাচা জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মতিউর রহমানসহ অন্য নেতারা। শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে গাজীপুর সদর এলাকার গাছা পর্যন্ত ঘুরে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী নেতা-কর্মীরা একাধিক মাইকের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ আহসানকে নৌকা মার্কায় ভোট দেওয়ার স্লোগান দেন। এ সময় কয়েকটি ব্যানার ও ফেস্টুনে লেখা ছিল, ‘গাজীপুর-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জাহিদ আহসান রাসেল এমপিকে নৌকা মার্কায় ভোট দিন’। পরে দলীয় কার্যালয়ের সামনে সভার মাধ্যমে শোভাযাত্রা শেষ হয়।
শোভাযাত্রায় অংশ নেওয়া রিকশাচালক আবদুল সাবির জানান, ৪৩ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইয়াছিন তাঁদের গ্যারেজের ২০টি রিকশা ১৫০ টাকা করে ভাড়া করেন। তাঁদের বলেছিলেন, রিকশা নিয়ে হরতালবিরোধী শোভাযাত্রা বের করা হবে।
যোগাযোগ করা হলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান বলেন, গাজীপুর-২ আসনের অন্তর্ভুক্ত নগরের ১৫টি ওয়ার্ডের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা দেড় হাজার রিকশা ভাড়া করে শোভাযাত্রা বের করেন।
সাংসদ জাহিদ আহসান বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নেতা-কর্মীরা ওই শোভাযাত্রার আয়োজন করেন। এ ছাড়া হরতালের সময়ে গাড়ি চালাতে উৎসাহিত করার জন্যও এই শোভাযাত্রা।’